ফরিদপুর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লীকবি জসীম উদ্দীনের ১০৫ তম জন্মবার্ষিকী মঙ্গলবার। ১৯০৩ সালের এই দিনে ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে মামার বাড়িতে কবির জন্ম হয়।
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়িতে ডালিম গাছের নিচে চিরনিদ্রায় শায়িত কবি। তার জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছার উদ্দিনুচ্চ বিদ্যালয, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে মঙ্গলবার ভোরে কবির কবরে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া সোমবার সন্ধ্যায় গ্রামের জসীম উদ্যানে পক্ষকালব্যাপী পল্লীমেলার উদ্বোধন করা হয়েছে। বিসিকের সহযোগিতায় মেলার আয়োজন করেছে জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসন। এ বছর একদিন আগে মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলায় ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা নড়াইলসহ দেশের বিভিন্নস্থানের ৭০টি সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে। মেলার জসীম মঞ্চে প্রতিদিন মুর্শিদী, জারি-সারি, ভাটিয়ালী ও পল্লীগীতির আসর বসবে। মেলার ২০৯ টি স্টলে কারুপণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। এছাড়াও মেলায় থাকছে সার্কাস, নাগর দোলা, মৃত্যুকূপ, পুতুল নাচ প্রভৃতি।
ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইয়াহ-ইয়া ভূইয়ার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার ইকরাম আহমেদ।
প্রধান অতিথি বলেন, পল্লীকবি জসীম উদ্দীন ছিলেন গ্রাম বাংলার সংগ্রামী মানুষের জীবনের নিখুঁত চিত্রকর। তার লেখনীর মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫৭ ঘ.
bdnews24