২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালাবদলের বছর পুলিশ প্রধান বলছেন অপরাধ কমেছে, পরিসংখ্যান বলছে অন্যকথা

শুধুমাত্র হত্যা এবং রাজনৈতিক দাঙ্গা ছাড়া সারাদেশে সব ধরনের অপরাধের সংখ্যা আগের বছরের তুলনায় বিদায়ী বছর বেড়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া সারা দেশের অপরাধ চিত্রের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য মিলেছে। পরিসংখ্যানে দেখা গেছে ডাকাতি, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণসহ বিভিন্ন প্রকারের অপরাধ আগের বছরের তুলনায় বিদায়ী বছরে অনেক বেড়েছে। লিটন হায়দার ও আবু নোমান সজীব জানাচ্ছেন বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

লিটন হায়দার ও আবু নোমান সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শুধুমাত্র হত্যা এবং রাজনৈতিক দাঙ্গা ছাড়া সারাদেশে সব ধরনের অপরাধের সংখ্যা আগের বছরের তুলনায় বিদায়ী বছর বেড়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া সারা দেশের অপরাধ চিত্রের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য মিলেছে। পরিসংখ্যানে দেখা গেছে ডাকাতি, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণসহ বিভিন্ন প্রকারের অপরাধ আগের বছরের তুলনায় বিদায়ী বছরে অনেক বেড়েছে। লিটন হায়দার ও আবু নোমান সজীব জানাচ্ছেন বিস্তারিত। পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালে সারা দেশে বিভিন্ন অপরাধে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ১ লাখ ৩০ হাজার ৫৭৮টি। অন্যদিকে, ২০০৭ সালের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসেই বিভিন্ন অপরাধে দায়ের করা মোট মামলার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৩৯টি। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ দাবি করেছেন, বিগত কয়েক বছরের তুলনায় ২০০৭ সালে সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) বার্ষিক সাধারণ সভায় (২০০৫-০৬) প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নূর মোহাম্মদ বলেন, "বিগত বছরগুলোর তুলনায় এ বছর খুন-ডাকাতি অনেক কমে এসেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ ছয় নেতার ফাঁসি কার্যকর করার পর থেকে দেশে চমৎকার পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুলিশের সাফল্যের কথা পুলিশের মুখ দিয়ে বললে তো আর হবে না; এর সুফল পেয়ে জনগণ যদি বলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তাহলেই পুলিশি কার্যক্রমের প্রকৃত অবস্থান বোঝা যাবে।" পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, ২০০৬ সালের পুরো বছরে সারা দেশে ডাকাতি, দস্য্যুতা, চুরি, নারী নির্যাতন এবং শিশু অপহরণসহ বিভিন্ন প্রকার অপারাধের মোট সংখ্যার তুলনায় ২০০৭ সালে অপরাধের হার বেড়েছে। তবে খুন এবং রাজনৈতিক দাঙ্গার সংখ্যা কমেছে। ২০০৬ সালের পুরো বছরের সঙ্গে ২০০৭ সালের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসের বিভিন্ন অপরাধের এ তুলনা করা হয়েছে। এ পরিসংখ্যানে দেখা যায়, ২০০৬ সালে সারাদেশে গৃহ, বাস-ট্রাক, ব্যাংক, নৌ এবং মিল-কারখানায় ডাকাতি এবং খুনসহ ডাকাতির ঘটনায় দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ৭৯৫টি। বিপরীতে ২০০৭ সালের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসেই এ সংখ্যা আগের বছরকে ছাড়িয়ে ৯৭০ এ দাঁড়িয়েছে। এ হিসেবে বিদায়ী বছরে ডাকাতির ঘটনায় প্রতিমাসে গড়ে ৮৮টি করে মামলা দায়ের হয়েছে। অথচ আগের বছর একই কারণে প্রতিমাসে গড় মামলার সংখ্যা ছিলো ৬৬ টি। একইভাবে ২০০৬ সালে বাসা-বাড়িতে ও রাস্তায়সহ দস্যুতার ঘটনায় মোট ৮৪৩ টি মামলা দায়ের হয়। বিপরীতে ২০০৭ সালের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত মোট মামলা হয়েছে ১১৫১ টি। এ হিসেবে বিদায়ী বছরে দস্যুতার ঘটনায় প্রতিমাসে গড়ে ১০৪ টিরও বেশি মামলা হয়েছে। অথচ আগের বছর প্রতিমাসে এর গড় সংখ্যা ছিলো ৭০টির সামান্য বেশি। ২০০৬ সালে সারা দেশে খুনের ঘটনায় দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ৪১৬৬ টি। বিপরীতে ২০০৭ সালের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত এর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩৫৪২টি। এ হিসেবে গতবছর খুনের ঘটনায় প্রতিমাসে গড়ে ৩৪৭ টি মামলা হয়েছে। অন্যদিকে চলতি বছর একই কারণে প্রতিমাসে গড়ে মামলা হয়েছে ৩২২টি। এ ক্ষেত্রে গতবছরের চেয়ে চলতি বছর খুনের হার তুলনামূলকভাবে কিছুটা কমেছে। ২০০৬ সালে চাঁদাবাজি, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, সম্পত্তি বিনষ্ট-ভাংচুর, ছিনতাই, ত্রাস সৃষ্টি, দরপত্রে বাধাদান এবং দায়িত্ব পালনে বাধাসৃষ্টিসহ বিভিন্ন অপরাধে দ্রুতবিচার আইনে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ১৬৩৮টি। বিপরীতে চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত সময়ে দ্রুতবিচার আইনে দায়ের করা মোট মামলার সংখ্যা দাড়িয়েছে ১৮৪২টি। এ হিসেবে গতবছর গড়ে প্রতিমাসে দ্রুতবিচার আইনে দায়ের করা মামলার সংখ্যা ছিলো ১৩৬ টি। অথচ চলতি বছর একই কারণে প্রতিমাসে গড়ে ১৬৭টির বেশি মামলা হয়েছে। ২০০৬ সালে রাজনৈতিক ও অরাজনৈতিক দাঙ্গার ঘটনায় দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ৫৭০টি। বিপরীতে চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়ে বিভিন্ন প্রকার দাঙ্গার ঘটনায় দায়ের করা মামলার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫০টি। এ হিসেবে গতবছর দাঙ্গার ঘটনায় প্রতি মাসে গড়ে ৪৭টি মামলা হয়েছে। অন্যদিকে চলতি বছর বিভিন্ন প্রকার দাঙ্গার ঘটনায় প্রতিমাসে গড়ে ২২টির বেশি মামলা হয়েছে। চলতি বছরের উল্লেখযোগ্য হলো দাঙ্গার ঘটনায় দায়ের করা ২৫০টি মামলার মধ্যে রাজনৈতিক দাঙ্গার সংখ্যা ছিলো মাত্র ৬টি। ধর্ষণ, এসিড নিক্ষেপ এবং গুরুতর আহতসহ বিভিন্নভাবে নারী নির্যাতনের ঘটনায় ২০০৬ সালে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ১১০৬৮ টি। বিপরীতে চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত নারী নির্যাতনের ঘটনায় দায়ের করা মোট মামলার সংখ্যা দাড়িয়েছে ১৩২৯৯ টি। এ হিসেবে গত বছর নারী নির্যাতনের ঘটনায় প্রতিমাসে গড়ে ৯২২টির বেশি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে চলতি বছর একই কারণে মামলা হয়েছে গড়ে ১২০৯ টির বেশি। শিশু নির্যাতনের ঘটনায় ২০০৬ সালে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ৬৬২টি। বিপরীতে চলতি বছরের নভেম্বর পর্যন্ত শিশু নির্যাতনের ঘটনায় মোট ৯১৪ টি মামলা হয়েছে। এ হিসেবে গতবছর শিশু নির্যাতনের ঘটনায় প্রতিমাসে গড়ে ৫৫ টির বেশি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে চলতি বছর শিশু নির্যাতনের ঘটনায় প্রতিমাসে গড়ে মামলা হয়েছে ৮৩ টিরও বেশি। মুক্তিপণ আদায় এবং পাচারসহ অন্যান্য কারণে অপহরণের ঘটনায় ২০০৬ সালে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ৭২২ টি। বিপরীতে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত অপহরণের ঘটনায় মামলা হয়েছে মোট ৭২৪ টি। এ হিসেবে গত বছর অপহরণের ঘটনায় প্রতিমাসে গড়ে ৬০ টি মামলা হয়েছে। অন্যদিকে চলতি বছর একই কারণে প্রতি মাসে মামলা হয়েছে গড়ে ৬৫ টিরও বেশি। সিধেল চুরির ঘটনায় ২০০৬ সালে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ২৯৯১ টি। বিপরীতে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত সিধেল চুরির ঘটনায় মোট ৪০২৬ টি মামলা দায়ের হয়েছে। এ হিসেবে গত বছর সিধেল চুরির ঘটনায় প্রতিমাসে গড়ে ২৪৯ টি মামলা হয়েছে। অন্যদিকে চলতি বছর একই কারণে প্রতিমাসে গড়ে মামলা হয়েছে ৩৬৬ টির বেশি। গবাদী পশু, গাড়ি-মোটরসাইকেল এবং তারসহ অন্যান্য চুরির ঘটনায় ২০০৬ সালে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ৮৩৩২ টি। বিপরীতে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত চুরির ঘটনায় মামলা হয়েছে মোট ১১০১৩ টি। এ হিসেবে গতবছর চুরির ঘটনায় প্রতিমাসে গড়ে ৬৯৪ টির বেশি মামলা হয়েছে। অন্যদিকে চলতি বছর একই কারণে প্রতিমাসে গড়ে মামলা হয়েছে ১০০১ টির বেশি। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ২০০৬ সালে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ১৫৫২টি। বিপরীতে চলতি বছরের নভেম্বর পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে মোট ১৬৩৯টি। এ হিসেবে অস্ত্র উদ্ধারের ঘটনায় গতবছর প্রতিমাসে গড়ে ১২৯ টি মামলা হয়েছে। অন্যদিকে চলতি বছর একই কারণে প্রতিমাসে মামলা হয়েছে গড়ে ১৪৯ টি। বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২০০৬ সালে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ৩০৮ টি। বিপরীতে চলতি বছরের নভেম্বর পর্যন্ত একই কারণে মামলা হয়েছে ২২০ টি। এ হিসেবে গতবছর বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় প্রতিমাসে গড়ে ২৫ টি করে মামলা হয়েছে। অন্যদিকে চলতি বছর বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে প্রতিমাসে গড়ে ২০ টি। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২০০৬ সালে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ১৫৪৭৯ টি। বিপরীতে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে মোট ১৪২৮৬ টি। এ হিসেবে গতবছর মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় প্রতিমাসে গড়ে ১২৮৯ টি মামলা হয়েছে। অন্যদিকে চলতি বছর একই কারণে প্রতিমাসে মামলা হয়েছে গড়ে ১২৯৮ টি। চোরাচালানের মালামাল উদ্ধারের ঘটনায় ২০০৬ সালে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ৪৭৩৪ টি। বিপরীতে চলতি বছরের নভেম্বর পর্যন্ত একই ঘটনায় মামলা হয়েছে মোট ৪৭৭৭ টি। এ হিসেবে গতবছর চোরাচালানের মালামাল উদ্ধারের ঘটনায় প্রতিমাসে গড়ে ৩৯৪ টির বেশি মামলা হয়েছে। অন্যদিকে একই কারণে চলতি বছর প্রতিমাসে গড়ে মামলা হয়েছে ৪৩৪ টি। এছাড়া উল্লেখিত অপরাধের বাইরে অন্যান্য বিভিন্ন কারণে ২০০৬ সালে দায়ের করা মোট মামলার সংখ্যা ছিলো ৭৬৩৮১ টি। বিপরীতে চলতি বছরের নভেম্বর পর্যন্ত অন্যান্য কারণে মোট ৮৬৩২৩ টি মামলা হয়েছে। এ হিসেবে গতবছর অন্যান্য কারণে প্রতিমাসে গড়ে ৬৩৬৫ টি মামলা হয়েছে। অন্যদিকে চলতি বছর অন্যান্য কারণে প্রতিমাসে মামলা হয়েছে গড়ে ৭৮৪৭ টি। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এএসএম শাহজাহানকে রোবববার বিগত বছরের তুলনায় চলতি বছরের অপরাধের পরিসংখ্যান উল্লেখ করে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, "চলতি বছর মোট মামলার সংখ্যা বাড়লেও, অপরাধ প্রবণতা যে বেড়েছে তা বলা যাবে না। কারণ অনেক সময় অস্ত্র ও মাদক উদ্ধারের কারণে মোট মামলার সংখ্যা বাড়তে পারে।" তিনি বলেন, "সাধারণ মানুষের মধ্যে জননিরাপত্তাবোধ বাড়লে তারা থানায় গিয়ে রিপোর্ট করবে। এ কারণে জননিরাপত্তাবোধ বৃদ্ধি পেলে অনেক সময় ক্রাইম রিপোর্টের পরিমাণও বাড়তে পারে। আর বর্তমান সরকারের সময় ভিন্ন পরিবেশ বিরাজ করায় রাজনৈতিক দাঙ্গার সংখ্যাও অনেক কমে এসেছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/জিএনএ/এমএ/১৯৩২ঘ.