বাগেরহাট, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রাণের অর্থ আত্মসাতের অভিযোগে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মো. জাহাঙ্গীর হোসেনকে (৪৫) আটক করেছে সেনা সদস্যরা।
শনিবার রাতে তাফালবাড়ি বাজার থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, আজিজ ও ফোরকান নামে রায়েন্দা গ্রামের মানসিক ভারসাম্যহীন দুই ব্যক্তির নামে টাকা তুলে সেটা আত্মসাতের অভিযোগে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ওই দুই ব্যক্তির নামে তুলে নেয়া দশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ প্রহরায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শরণখোলা সেনা ক্যাম্পের মেজর শাহীন জানান, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে সিডর দুর্গতদের জন্য সরকারের দেয়া গৃহ নির্মাণের অর্থ আত্মসাৎ, ত্রাণ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির একাধিক অভিযোগের সত্যতা মিলেছে।
এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে শরণখোলা থানায় শনিবার রাতে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২২০১ ঘ.
bdnews24