২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছে চট্টগ্রামের ৯১টি সংগঠন

বিশেষ ট্রাইব্যুনালে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে চট্টগ্রামের ৯১টি সংগঠন। ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এ সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ৯১টি প্রগতিশীল সংগঠন একাত্মতা প্রকাশ করে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশেষ ট্রাইব্যুনালে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে চট্টগ্রামের ৯১টি সংগঠন। ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এ সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ৯১টি প্রগতিশীল সংগঠন একাত্মতা প্রকাশ করে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে। রোববার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতকদের বিচারের দাবিকে সম্মিলিত আন্দোলনে রূপ দিতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংবাদ সম্মেলনে সুশীল সমাজের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার প্রতি অঙ্গীকারাবদ্ধ ৯১টি সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনগুলোর পক্ষে চট্টগ্রামের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক শওকত বাঙালি লিখিত বক্তব্য পাঠ করেন । লিখিত বক্তব্যে তিনি বলেন, "পৃথিবীজুড়ে গণহত্যা ও যুদ্ধাপরাধ সবচেয়ে ঘৃণ্য অপরাধ হিসাবে বিবেচিত হলেও স্বাধীনতা লাভের ৩৬ বছর পরেও এদেশে ঘাতকদের বিচার না হওয়া দু:খজনক।" তিনি জানান, বিশেষ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারে দেশে ও বিদেশে ব্যাপক জনমত গড়ে তোলার অংশ হিসেবে চট্টগ্রামে এসব সংগঠন একত্রিত হয়ে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, "বর্তমান সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ডান-বাম-মধ্যপন্থী সব রাজনৈতিক দলসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাই সোচ্চার এবং দেশে একটি জনমত সৃষ্টি হয়েছে।" এখনই যুদ্ধাপরাধীদের বিচার শুরুর উপযুক্ত সময় বলে উল্লেখ করে ২০০৮ সালের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এ কাজ শুরু করতে সরকারের প্রতি দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, রাজনীতিক আবু সালেহ, আতাউর রহমান খান কায়সার, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, অধ্যাপক হামিদা বানু, অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, অধ্যাপক ইফতেখার উদ্দীন চৌধুরী, নারীনেত্রী নুরজাহান খান, সিইউজে সভাপতি শহীদ উল আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০৫৯ ঘ.