ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আসন্ন সেচ মওসুমে লোডশেডিং এর মাধ্যমেই বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা করা হবে। এজন্য একটি সিডিউল তৈরি করা হবে। ঢাকাসহ বিভিন্ন শহর অঞ্চলের জনগণকে ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
রোববার ডেসা ভবনে এক সংবাদ সম্মেলনে সেচ মওসুমে বিদ্যুৎ সরবরাহ এবং নভেম্বর মাসে গ্রিড বিপর্যয় সংক্রান্ত কমিটির প্রতিবেদন ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
এতে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরী এবং বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান।
তপন চৌধুরী বলেন, এ বছর দেশে সেচ মওসুমে ২ লাখ ৫০ হাজার সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। নতুন সংযোগ প্রদানের ক্ষেত্রে সরকারি সেচ প্রকল্প এবং অধিকতর এলাকায় সেচ প্রদান করে এমন বেসরকারি সংযোগকে অগ্রাধিকার দেওয়া হবে। সেচ মওসুমে অতিরিক্ত ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। সার্বিকভাবে সেচ মওসুমে ৩০০ থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং করতে হবে।
তিনি জানান, সেচ পাম্পগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ কেন্দ্রগুলোর এবং সঞ্চালন ও বিতরণ লাইনের প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণ করা হয়েছে। ভোল্টেজ সমস্যা নিরসনের জন্য ডেসা ও ডেসকো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বড়পুকুরিয়ার দু'টি বিদ্যুৎ প্লান্ট চালু রাখার জন্য বর্তমানে মজুদ ৭০ হাজার মেট্রিক টন কয়লার অতিরিক্ত চাহিদা পূরণের স্বার্থে খনি থেকে ২য় পর্যায়ে কয়লা উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করবে খনি কর্তৃপক্ষ।
তিনি বলেন, বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনার জন্য বিশেষ অনুরোধ করা হবে। সাশ্রয় করেই সরবরাহ করতে হবে। পাওয়ার গ্রিড কোম্পানী বাংলাদেশ ও পাওয়ার সেল লোডশেডিং এর একটি সিডিউল তৈরি করবে। আগাম প্রচারণা চালানো হবে। ঢাকাসহ বিভিন্ন শহর অঞ্চলের জনগণকে ত্যাগ স্বীকার করতে হবে।
মার্চ এপ্রিলের মধ্যে ২৪০ থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে বিদ্যুৎ উপদেষ্টা জানান।
ড. ফাওজুল কবির খান বলেন, সেচ মওসুমে বিদ্যুতের উৎপাদন ৩৬০০ থেকে ৩৮০০ মেগাওয়াটে রাখার চেষ্টা করা হবে। এ সময়ে 'মেঘনা ঘাট ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র' রক্ষণাবেক্ষণে যাবে। এর মধ্যে বেশ কিছু ইউনিট আবার উৎপাদনেও চলে আসবে।
গ্রিড বিপর্যয় তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে সচিব বলেন, ২০/২৫ টি স্বল্প মেয়াদের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে যেগুলো বাস্তবায়ন করতে খুব বেশি ব্যয় হবে না এমন কয়েকটি সুপারিশ আগামী মাস থেকে বাস্তবায়ন শুরু হবে।
তিনি বলেন, সিডরের চেয়েও আমাদের মেশিন ও মানব সম্পদের ব্যর্থতা ছিল। এ জন্য কতগুলো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। লোড ডেসপ্যাচ সেন্টারে ব্যবস্থাপক পর্যায়ের একজন কর্মকর্তা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/্এমএ/১৭২৪ঘ.
bdnews24