২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় ও সংসদ নির্বাচন এক সঙ্গেই হওয়া উচিত: আকবর আলি খান

রেগুলেটরি রিফর্মস কমিটির চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, সংসদ নির্বাচনের আগে উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন হলে রাজনৈতিক প্রক্রিয়ায় জটিলতা দেখা দেবে। এসব নির্বাচন একসঙ্গেই হওয়া উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 04:50 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রেগুলেটরি রিফর্মস কমিটির চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, সংসদ নির্বাচনের আগে উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন হলে রাজনৈতিক প্রক্রিয়ায় জটিলতা দেখা দেবে। এসব নির্বাচন একসঙ্গেই হওয়া উচিত। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'স্থানীয় সরকার শক্তিশালীকরণ কমিটির সুপারিশ পর্যালোচনা ও করণীয়' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. আকবর আলি খান একথা বলেন। এক সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে তিনি বলেন, জেলা ও উপজেলা পরিষদ নির্বাচন আগে হলে অনেক প্রশ্ন উঠতে পারে। ড. আকবর আলি খান আরও বলেন, সরকার গঠিত কমিটির সুপারিশ সরকার কিভাবে বাস্তবায়ন করবে তা স্পষ্ট করা প্রয়োজন। এ সংক্রান্ত আইন বা অধ্যাদেশ চূড়ান্ত করার আগে জনসমক্ষে তার খসড়া প্রকাশ করে জনগণের মতামত নিতে হবে। তিনি প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশনকে আরো বেশি ক্ষমতা দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনাসভায় প্রধান বক্তা ড. খলীকুজ্জমান আহমদ বলেন, স্থানীয় পর্যায়ের সব কাজ বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় সরকার কমিশনকে দেয়া হলে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জাতীয় বাজেট এমনভাবে তৈরি করতে হবে যার একটি অংশ স্থানীয় সরকার পায়। স্থানীয় সরকার অবশ্যই রাজনৈতিক হতে হবে বলে তিনি অভিমত দেন। অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশনের কাজ শুধু পরামর্শমূলক হলে চলবে না, তাদের কার্যকরভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে। অধ্যাপক ড. জারিনা রহমান বলেন, স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণের দাবিই ছিল মূল দাবি যার সম্পর্কে কমিটির সুপারিশে সুস্পষ্ট কিছু বলা হয়নি। 'গভর্নেন্স' কোয়ালিশনসহ ২৭টি সংগঠন এ আলোচনার আয়োজন করে। আয়োজক ২৭টি সংগঠনের পক্ষে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের কার্তিক চন্দ্র মণ্ডল, আইইইডি'র নুমান আহমেদ খান, কেয়ার বাংলাদেশের জামিল আহমেদ, অ্যাকশন এইড-বাংলাদেশের আজগর আলী,সাবরী, সেভ দ্য চিলড্রেন-ইউকে'র ইউএম হাবিবুন নেছা এবং জেন্ডার অ্যান্ড ডেভলপমেন্ট এলায়েন্সের রঞ্জন কর্মকার। স্বাগত বক্তব্য দেন গভর্নেন্স কোয়ালিশনের সমন্বয়কারী মহসিন আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্নেন্স কোয়ালিশনের কর্মকর্তা আবদুস শুকুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২২৩১ঘ.