চট্টগ্রাম, ডিসেম্বর ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খাদ্যে বিষক্রিয়ায় টেকনাফের রোঙ্গীখালী গ্রামের একই পরিবারের তিনজন মারা গেছেন। এদের মধ্যে শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায় দুজন। অপর একজন টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মারা যায়। আরেকজন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
এরা হলেন- অলি আহমেদের স্ত্রী রোকেয়া বেগম (৪৫), তার মেয়ে হুমায়রা আকতার (৫) ও পুত্রবধু হোসনে আরা (২০)। চিকিৎসাধীন অপরজন অলি আহমেদের ছেলে রবিউল আলম (২৫)।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক মজিবর রহমান জানান, আশঙ্কাজনক অবস্থায় হুমায়রা আকতার ও হোসনে আরাকে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সকালের দিকে তারা মারা যায়।
তিনি জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার কার্যালয় থেকেও বলা হয়, বিষক্রিয়া জনিত কারণে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে তাদের মৃত্যু হয়।
কক্সবাজার প্রতিনিধি স্থানীয় ব্যবসায়ী আবদুল করিম ও জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে জানান, অসুস্থ হওয়ার পর এই চারজনকে দ্রুত হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে হোসনে আরা ও হুমায়রাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর দু'জনকে নেয়া হয় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিকালে ৫টার পর টেকনাফ হাসপাতালে রোকেয়া বেগম মারা যান।
স্থানীয়ভাবে লিয়ারা নামে পরিচিত এক ধরনের সবজি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে বলে ব্যবসায়ীরা জানান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদ ওসমান জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে টেকনাফ হাসপাতালে ভর্তি হওয়া মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানেন না। খোঁজ খবর নিতে এলাকায় একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমএসবি/২১২৫ ঘ.
bdnews24