২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরের সময় মিয়ানমারে আটকা পড়া বাংলাদেশি ১৩ জেলেকে ফেরত

ঘূর্ণিঝড় সিডরের সময় দুর্ঘটনা কবলিত একটি মাছ ধরা ট্রলারের ১৩ জন মাঝি ও জেলে শুক্রবার দুপুরে টেকনাফ সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। তারা এতদিন মিয়ানমারের জেলে আটক ছিলেন। মিয়ানমারের নাসাকা বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘূর্ণিঝড় সিডরের সময় দুর্ঘটনা কবলিত একটি মাছ ধরা ট্রলারের ১৩ জন মাঝি ও জেলে শুক্রবার দুপুরে টেকনাফ সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। তারা এতদিন মিয়ানমারের জেলে আটক ছিলেন। মিয়ানমারের নাসাকা বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। ফেরত আসাদের এদের মধ্যে ১০ জন টেকনাফে রোহিঙ্গা শিবিরে বাস করে বলে পুলিশ জানিয়েছে। দুপুর আড়াইটার দিকে নাসাকা বাহিনী ১৩ জন জেলে ও মাঝিকে বিডিআরের কাছে হস্তান্তর করে। পরে তাদের পরিচয় যাচাইয়ের পর বাড়িতে ফেরত পাঠানোর জন্য টেকনাফ থানায় পাঠিয়ে দেয়া হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআর পরিচয় যাচাইয়ের জন্য মিয়ানমার থেকে আসা ১৩ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদেরকে প্রাথমিকভাবে অনুপ্রবেশকারী হিসেবে দেখানো হয়েছে। তিনি জানান, সন্ধ্যা ছয়টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ১০ জনকে তাদের আত্মীয় স্বজনরা নিয়ে গেছেন। জসিম উদ্দিন আরও জানান, মিয়ানমার থেকে ফেরত পাঠানো ১৩ জনের মধ্যে ১০ জন রোহিঙ্গা শরণার্থী শিবিরে বাস করেন। টেকনাফের স্থানীয় সংবাদদাতা মো. গিয়াস জানান, সিডরের সময় গভীর সমুদ্রে কক্সবাজারের সরোয়ার আলমের মালিকানাধীন এমভি আফছানা নামের একটি মাছ ধরা ট্রলারে ছিল এসব মাঝি ও জেলে। ঝড়ের সময় ট্রলারটি দিক হারিয়ে ফেলে এবং বিকল হয়ে যায়। পরে তারা কোন রকমে মিয়ানমার সীমান্তে পৌঁছে। পরে মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে জেলে পাঠায়। তিনি জানান, পরবর্তীতে দুই দেশের মধ্যে আলোচনাক্রমে তাদের বাংলাদেশে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হয়। নাসাকা বাহিনী চিঠির মাধ্যমে তাদের টেকনাফ সীমান্তে বিডিআরের কাছে হস্তান্তর করে। দেশে ফেরত আসা এসব জেলে ও মাঝিরা হলেন আব্দুল মজিদ (৩২), শামসুল আলম (২৭), নজির আহমদ (২৮), মো. সৈয়দ (১৮), মো. এনামুল (১৮), হামিদ হোসেন (৩৩), আব্দুল মালেক (২৫), মো. রফিক (১৮), জাহিদ হোসেন (২২), সৈয়দ আহমদ (৩০), ফজলুল কবির (২০), ওসমান গনি (২৪), মো. সিদ্দিক (৪৩)। এদের মধ্যে ফজলুল কবিরের বাড়ি চকরিয়ায়। বাকীদের বাড়ি টেকনাফে। মো. গিয়াস জানান, গত ২২ ডিসেম্বর নাসাকা বাহিনী ঝড়ের সময় মিয়ানমারে আটকে পড়া আরও ১১ জন মাঝি ও জেলেকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০১৫ ঘ.