ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার 'দেশপ্রেমিক সামাজিক জোটের' সমাবেশ ও প্রতিবাদবন্ধন কর্মসূচি পুলিশের বাধার মুখে হতে পারেনি।
জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে এই কর্মসূচির ডাক দিয়েছিল সংগঠনটি। কিন্তু নামাজ শেষে দেশপ্রেমিক সামাজিক জোটের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আবেদ রাজার নেতৃত্বে কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই পুলিশ এসে তাদের হাত থেকে ব্যানার-ফেস্টুন কেড়ে নেয়। পুলিশ তাদের জানায়, এখানে কোনো কর্মসূচি হবে না।
আবেদ রাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি। প্রধান উপদেষ্টা একদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আর অন্যদিকে আমরা সেই কথাটি বলতে চাওয়ায় বাধার মুখে পড়ছি।"
বেনজির ভুট্টো হত্যাকাণ্ডকে কাপুরোষোচিত বলে এর কঠোর নিন্দা জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জেকে/এমএ/১৮৫০ঘ.
bdnews24