২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষদুর্গম পাহাড়ে চরম খাদ্যাভাব

দুর্গম পাহাড়ে জুম (পাহাড়ের ঢালে বিশেষ ধরনের চাষাবাদ) চাষীদের এখন বড়ই দুর্দিন। লাখ লাখ ধেড়ে ইঁদুর জুমের ধান খেয়ে ফেলার পর পার্বত্য জেলা বান্দরবানের রুমা থানার দুর্গম কেওক্রাডং এর পাহাড়ে আদিবাসী জুমিয়াদের ঘরে ঘরে এখন চলছে চরম খাদ্যাভাব। জুমিয়ারা আশঙ্কা করছে, সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে আগামী বর্ষা মৌসুমে পাহাড়ে দুর্ভিক্ষ দেখা দেবে। সরেজমিনে খোঁজ - খবর করে লিখছেন বিপ্লব রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 07:40 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

বিপ্লব রহমান সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বান্দরবান, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দুর্গম পাহাড়ে জুম (পাহাড়ের ঢালে বিশেষ ধরনের চাষাবাদ) চাষীদের এখন বড়ই দুর্দিন। লাখ লাখ ধেড়ে ইঁদুর জুমের ধান খেয়ে ফেলার পর পার্বত্য জেলা বান্দরবানের রুমা থানার দুর্গম কেওক্রাডং এর পাহাড়ে আদিবাসী জুমিয়াদের ঘরে ঘরে এখন চলছে চরম খাদ্যাভাব। জুমিয়ারা আশঙ্কা করছে, সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে আগামী বর্ষা মৌসুমে পাহাড়ে দুর্ভিক্ষ দেখা দেবে। সরেজমিনে খোঁজ - খবর করে লিখছেন বিপ্লব রহমান। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন। এরই মধ্যে তারা সরকারকে বলেছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্থ বরাদ্দ দেওয়ার জন্য। এছাড়া পাহাড়ে বিকল্প কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে জুমিয়াদের পুনর্বাসনের জন্যও তারা সরকারকে প্রস্তাব দিয়েছে। জুমিয়ারা জানিয়েছে, গত আগস্ট মাসে জুমের ধান পাকার সময় ইঁদুর বন্যা বা মড়ক দেখা দেওয়ায় তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার অধিকাংশ জুমচাষী সর্বস্বান্ত হয়ে পড়েছে। রুমা থানার বগালেকের সাংলিয়ান কারবারী (গ্রাম প্রধান) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে ১৯৬৯ ও ১৯৭৪ সালে দুদফায় বাঁশের ফুল দেখা দেওয়ায় ইঁদুরের প্রজনন ক্ষমতা বেড়ে গিয়েছিল। সে বারও পাহাড়ে ইঁদুর বন্যা দেখা দেওয়ায় পাহাড়ে নিরব দুর্ভিক্ষ হয়। অনেকে জীবন বাঁচাতে ওপারে ভারতের মিজোরামে দেশান্তরী হয়।" বম আদিবাসী নেতা সাংলিয়ান আরও বলেন, "এবার একই ভাবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান -- এই তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে ইঁদুর বন্যা (বম ভাষায়, মাওথাম) দেখা দিয়েছে। আর এতে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার জুমিয়ারাই বেশি ক্ষতির সন্মুখীন হয়েছেন। জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের তালিকা দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেউ আমাদের কোনো খোঁজ - খবর নেয়নি। এবারও গত দুবারের ইঁদুর বন্যার মতো পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে।" একই গ্রামের জুম চাষী ভোয়ার নিন বম ও লাল নিয়ান বম বলেন, "জুমের ফসল নষ্ট হওয়ার পর এখন জুমিয়ারা জঙ্গল থেকে লাকড়ি কেটে রুমা বাজারে বিক্রি করে কোনো রকমে জীবন বাঁচানোর চেষ্টা করছে। কেউ কেউ রুমা থানা সদরে ছুটে যাচ্ছে দিনমজুরীর কাজ পাওয়ার আশায়। কিন্তু অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড না থাকায় দিন মজুরীর কাজও পাওয়া যাচ্ছে না।" লাম সান বম জানান, তিনি এ বার দুই একর জমিতে জুম ধান চাষ করেছিলেন। কিন্ত ইঁদুর বন্যায় সব ধান নষ্ট হয়ে গেছে। ধান বীজও ইঁদুর খেয়ে নষ্ট করে ফেলেছে। হাতে নগদ টাকা না থাকায় সব্জি বীজ কিনে নতুন করে জুম চাষ করে তিনি ক্ষতিও পুষিয়ে নিতে পারছেন না। অধিকাংশ প্রান্তিক জুম চাষীদেরই এখন একই অবস্থা বলেও লাম সান জানালেন। দেশের সর্বোচ্চ উঁচু পর্বতশৃঙ্গ কেওক্রাডং - কে ঘিরে গড়ে উঠেছে ছবির মতো সুন্দর বম গ্রাম দার্জিলিং পাড়া। এই গ্রামে সক্ষম নারী - পুরুষের দেখা মেলেনি। পরিবার - পরিজনের জন্য খাবার জোগাড় করতে কাজের সন্ধানে সবাই এদিক - সেদিক গেছে বলে জানান কিশোর দোকানী সাহিত বম। রুমা থানা নির্বাহী কর্মকর্তা আব্দুল নঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইউএনও কার্যালয়ের পক্ষ থেকে প্রায় ৪০০ ক্ষতিগ্রস্ত জুমিয়া পরিবারের একটি তালিকা জেলা প্রশাসনকে দিয়ে জরুরিভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসনের জন্য বলা হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সরকারি উদ্যোগ শুরু হয়নি।" তিনি জানান, সরকারি - বেসরকারি উদ্যোগ না নেওয়া গেলে আগামী ফেব্র"য়ারি ও মার্চ মাসে পাহাড়ে খাদ্যাভাব চরম চেহারা নেবে। আর জুন, জুলাই, আগস্ট -- বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে দুর্গম গ্রামগুলোর সঙ্গে লোকালয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সে সময় পরিস্থিতি হবে আরও ভযাবহ। এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল মজিদ শাহ আকন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এরই মধ্যে সরকারকে পুরো পরিস্থিতি অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় আর্থিক বরাদ্দ দেওয়া ছাড়াও কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।" রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান -- এই তিন জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রামের আয়তন পাঁচ হাজার ৯৩ বর্গমাইল। পাহাড়ি -- বাঙালি মিলিয়ে জনসংখ্যা আনুমানিক ১৫ লাখ। পাহাড় ও অরণ্য ঘেরা পার্বত্যাঞ্চলে সমতলের চেয়ে উঁচু - নীচু পাহাড়ি জমিও বেশী। আর এখানকার প্রায় ৮০ ভাগ আদিবাসীই ঐতিহ্যবাহী জুম চাষের ওপর নির্ভরশীল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/ এমএ/১৩৩৫ ঘ.