ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় শ্যামবাজারের তাঁতীবাজার থেকে শুক্রবার সকালে দুটি বিলুপ্তপ্রায় প্রজাতির সামুদ্রিক কচ্ছপ জীবিত উদ্ধার করেছে পুলিশ।
বিলুপ্ত প্রজাতির প্রাণী দুটি বাজারে বিক্রির জন্য আনা হয়েছিল।
বিক্রেতা মামুনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। মামুন সাংবাদিকদের জানায়, সে পাথরঘাটা থেকে কাছিম দুটো ধরে ঢাকায় বিক্রির জন্য নিয়ে আসে।
পরিবেশ অধিদপ্তরের উপকুলীয় ও জলাভূমি জীব বৈচিত্র্য জাতীয় প্রকল্পের পরিচালক মো. আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধার করা বিশাল আকারের কচ্ছপ দুটি বিলুপ্ত প্রায় প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। এদের বৈজ্ঞানিক নাম 'ওলিভ রিডলি' (ড়ষরাব ৎরফষবু)।"
তিনি জানান, বিলুপ্ত প্রায় প্রাণী বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। সারা বিশ্বে এই প্রাণীর সংখ্যা আশংকাজনক হারে কমছে।
পরিবেশ অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ জহিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জীবিত কচ্ছপ দুটি পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে কক্সবাজারে নিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। এরা প্রজনন সম্ভাবনাময়। প্রাণী দুটির শারীরিক অবস্থা দুর্বল।
কোতোয়ালী থানার পরিদর্শক এস এম স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারে বিক্রি করতে আনা বিশাল আকারের দুটি কাছিম উদ্ধার করা হয়েছে। এজন্য মামুন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হবে।''
আগাম তথ্যের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা শুক্রবার সকালে শ্যামবাজারে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, বিশাল আকারের কচ্ছপ দুটি বাজারে বিক্রির জন্য আনা হয়েছে। এরপর তারা খবরটি পুলিশকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএম/টিএইচ/জিএনএ/১৩১৭ ঘ.
bdnews24