ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাস টেম্পুকে ধাক্কা দিলে একই পরিবারের তিন জনসহ চার জন মারা যান। (আরও তথ্যসহ-১)
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর -
দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে মাহফুজা আক্তার ঝিলিক (১৪) নামে এক বাস যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়। মাহফুজা বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, সকাল ৯টায় ঘন কুয়াশার কারণে ঘোড়াঘাট থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস বিরামপুর উপজেলার জুলকারমোড় এলাকায় বিপরীতগামী একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঝিলিক নিহত হয়।
এছাড়া গুরুতর আহত ইদু মিঞাকে (৭০) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বিরামপুর, হাকিমপুর ও দলারদরগাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিরামপুর থানায় নেয়া হয়েছে।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে একটি জিপ গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমিরুল ইসলাম (৩০) নামে এক সাইকেল আরোহী নিহত এবং অপর সাইকেল আরোহী জুলেল (৩০) আহত হয়েছেন।
নিহত আমিরুল সদর উপজেলার দৌলতপুর গ্রামের শামসুল হকের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বুধবার সন্ধ্যায় দুই সাইকেল আরোহী আমিরুল ও জুয়েল ঠাকুরগাঁও শহরের দিকে আসছিলেন। ঠাকুরগাঁও-গড়েয়া সড়কে জিপ গাড়িটির হর্নের আওয়াজে রাস্তার পাশ থেকে একটি গরু সাইকেলের ওপর এসে পড়ে। এতে সাইকেল আরোহীরা জীপ গাড়ির নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হন।
তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে আমিরুলের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় একটি বাস একটি টেম্পুকে ধাক্কা দিলে একই পরিবারের তিন জনসহ মোট চার জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন রাবেয়া খাতুন (২৫), স্বামী কামাল (৩২) ও তাদের সাত মাসের মেয়ে সালেহা এবং সুজাউর রহমান।
প্রত্যক্ষদর্শী আন্দিউড়া গ্রামের আবদুল মালেক জানান, বিকাল সাড়ে ৩টায় একটি বাস একটি টেম্পুকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় টেম্পুযাত্রী রাবেয়া খাতুন , স্বামী কামাল ও তাদের মেয়ে সালেহা খাতুনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করার পর তাদের মৃত্যু হয়।এছাড়া গুরুতর আহত সুজাউর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল ঊদ্দীন দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাধবপুর থানায় এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য লাশগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
সিলেট: ওসমানীনগর থানার ঢাকা-সিলেট মহাসড়কের সাদীপুর ভাঙ্গায় গাড়ি চাপায় এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম কৃষ্ণ মাৎস্য দাস (১০)। সে ওসমানী নগরের মশাখলা গ্রামের ক্ষিতেশ মাৎস্য দাসের ছেলে।
বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের সাদীপুর ভাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
সিলেট হাইওয়ে পুলিশের তামাবিল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক নন্দন ধর জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেট কারটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24