ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরীর পদত্যাগপত্র বৃহস্পতিবার গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুর ২টায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছুক্ষণ আগে মহামান্য রাষ্ট্রপতি আইয়ুব কাদরী সাহেবের পদত্যাগপত্রটি অনুমোদন করেছেন।"
এর আগে মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার দুপুর পৌনে ২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইয়ুব কাদরী সাহেবের পদত্যাগপত্রটি বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বঙ্গভবনে পাঠানো হয়েছে। আমি শুনেছি তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো চিঠি পাইনি।"
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আইয়ুব কাদরী রাষ্ট্রপতি বরাবর লেখা তার পদত্যাগপত্রটি বুধবার বিকেল সাড়ে ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেন।
বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।"
সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে কাদরী জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিষ্ণুমূর্তি হারিয়ে যাওয়ার দায় কাঁধে নিয়ে গত সোমবার পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন।
পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরে তিনি বলেন, "পদত্যাগের বিষয়ে আমি সেদিনই (সোমবার) মিডিয়াকে ইঙ্গিত দিয়েছিলাম। যদিও পুরাকীর্তি দুটি হারিয়েছে এয়ারপোর্ট থেকে যেটি দেশের একটি সংরক্ষিত এলাকা, যেখানে নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা হয়ে থাকে। সেখানে অনেক দায়িত্ববান লোকজন রয়েছেন।"
তিনি বলেন, "হারানোর বিষয়ে আমারতো কিছু করার নেই। কিন্তু সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে আমি মনে করছি এ দায় আমারই। এ বোধ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।"
গত সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, "সংস্কৃতি উপদেষ্টা হিসেবে এ ঘটনার দায়-দায়িত্ব আমাকে নিতে হবে।" পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "দেখি, বিষয়টি নিয়ে ভাবছি।"
প্রসঙ্গত আইয়ুব কাদরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ছিলেন।
প্যারিসের গিমে মিউজিয়ামে প্রদর্শনীর জন্য ২১ ডিসেম্বর ঈদের দিন বিকেলে 'হোমবাউন্ড কুরিয়ার সার্ভিস' এর চারটি ট্রাকে করে ১৩টি কার্টনে মোট ১৪৫টি পুরাকীর্তি বিমানবন্দরে নেওয়া হয়। শনিবার এয়ার ফ্রান্সের বিমানে চালানটি তোলার সময় একটি কার্টনের দুটি বিষ্ণুমূর্তি খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর মঙ্গলবার বাকি পুরাকীর্তিগুলো ফ্রান্সে না পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসএনডি/এমএ/১৪৩৭ ঘ.
bdnews24