ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর শহরে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বুধবার অস্ত্র ও বিভিন্ন মালসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে একইদিন আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রাম থেকে র্যাব একটি শাটার গানসহ দুজনকে আটক করেছে।
র্যাব-৫ রংপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফ্লাইট লেফটেনেন্ট সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ছিনতাই চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে।
আটক পাঁচজন হলেন- শাপলাচত্বর এলাকার আরিফ (২০), মুসলিমপাড়া মহল্লার জাভেদ (২২), নুরপুরের ইদ্রিস (২০), কাউনিয়ার মীরবাগের শাহ আলম (৪০) ও লালবাগ এলাকার ফূয়াদ (২২)।
সাইফুল ইসলাম আরও জানান, আটককৃতদের কাছ থেকে তিনটি রঙ্গিন টেলিভিশন এবং একটি করে কম্পিউটার, খেলনা পিস্তল ও দেশী অস্ত্রসহ বিভিন্ন মাল উদ্ধার করা হয়েছে।
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ হাশমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের (আটককৃতদের) এখনও থানায় হস্তান্তর করা হয়নি।"
চুয়াডাঙ্গা থেকে আটক দু'জন হলেন- কুষ্টিয়ার মীরপুর উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুর রহমান (৩৫) ও কুলপাড়া গ্রামের খাইবার হোসেন।
র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওসমানপুর গ্রামের শুকুর আলীর পুকুর পাড়ে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি শাটার গান উদ্ধার করা হয়েছে।
র্যাব হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা পর্যন্ত থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24