ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তাঁর দুই আত্মীয়ের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার অভিযোগ গঠনের শুনানি বুধবার সংসদ ভবনের বিশেষ এজলাসে শুরু হয়েছে।
প্রথম দিনের শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক আগামী ৩১ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন।
এদিকে শেখ হাসিনার সঙ্গে কথা বলে দুপুরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বিশেষ এজলাসের অদুরে সাংবাদিকদের বলেন,"শেখ হাসিনা আবারও তাঁর ন্যায় বিচার না পাওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমও এ মামলার আসামি। বুধবার শেখ হাসিনা ও শেখ সেলিম এজলাসে উপস্থিত ছিলেন। প্রবাসী রেহানাকে মামলায় 'পলাতক' দেখানো হয়েছে।
জিল্লুর রহমান সাংবাদিকদেরকে বলেন,"শেখ হাসিনা তাদেরকে বলেছেন, এ মামলার রায় আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছে। তাকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে এবং জনগণের কাছে হেয় করতেই এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।" আইনজীবী হিসেবে প্রশিক্ষিত জিল্লুর রহমান শেখ হাসিনার আইনজীবীদলের অন্যতম সদস্য।
বুধবার রাষ্ট্রপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে আদালতকে জানান। একই সঙ্গে বিভিন্ন নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণের কখা উল্লেখ করে আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতের কাছে আবেদন করেন।
জবাবে আসামীপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানির জন্য তারা পুরোপুরি প্রস্তুত নন বলে আদালতকে জানান। কারণ হিসেবে তারা আলামত হিসেবে রাষ্ট্রপক্ষ যেসব নথিপত্রের কথা বলেছেন সেগুলো না পাওয়ার কথা উল্লেখ করেন।
আইনজীবীরা ওইসব নথিপত্র দেখে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে বিচারকের কাছে সময় চান।
বিচারক রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ওইসব নথিপত্র আসামীপক্ষের আইনজীবীদের দেখানোর নির্দেশ দেন এবং মামলার কার্যক্রমের পরবর্তী তারিখ ধার্য করেন।
এর আগে সকালে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে সংসদ ভবনের বিশেষ এজলাসে হাজির করা হয়। ৯ টা ৪০ মিনিটে হাসিনাকে হাজির করার পর পরই শুরু হয় মামলার শুনানি। শেখ সেলিমকে আদালতে আনা হয় এর আধ ঘন্টা আগেই।
১৫ দিন পর বুধবার মামলার কার্যক্রম আবার শুরু হলে ব্যবসায়ী আজম চৌধুরীর চাঁদাবাজি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে শুনানি শুরু হয়। শুনানি শেষ হয় বেলা ১২টায়। ১৯ ডিসেম্বর বিচারক মো. আজিজুল হক মামলার কার্যক্রম আবার শুরুর জন্য এ তারিখ নির্ধারণ করেছিলেন।
বিচারক তাঁর আসনে বসার সঙ্গে সঙ্গেই আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার শফিক আহম্মেদ আদালতকে প্রশ্ন করে বলেন,"আমাদেরকে গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়না। বইয়ের প্রতিটি পাতা চেক করার কথা বলা হয়। এটা ওপেন কোর্ট, না ক্যামেরা কোর্ট? আপনাকে তা বলতে হবে।"
এ সময় বিচারক বলেন,"নিরাপত্তার বিষয়ে আমি কোন আদেশ দিতে পারি না। এ উপমহাদেশে কোর্টে-পার্লামেন্টে বোমাবাজি হয়েছে। তবে আমি বইয়ের বিষয়ে বলতে পারি; বই আনা যাবে।"
আসামী পক্ষের আইনজীবীরা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের সরিয়ে দেওয়ার জন্য আদালতের দৃষ্টি আর্কষণ করলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেন। এসময় শেখ হাসিনা তাঁর আইনজীবীদের উদ্দেশ করে বলেন,"এই তোমরা কি আমাকে বোমা মারবে?" পরে সেখান থেকে পুলিশ সদস্যদের সরিয়ে দেওয়া হয়।
এরপর আসামী পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি কয়েকদিন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করলে বিচারক বলেন,"আমি বসে থাকতে পারবো না। আমার জন্য সময় বেঁধে দেওয়া আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে না পারলে আদালত অবমাননা হবে। এই ঝুঁকি আমি নিতে পারবো না।"
অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী অ্যাডভোকেট এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল আদালতকে বলেন," আসামীদের বিরুদ্ধে আমাদের হাতে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ আছে। প্রধান আসামী তার স্বীকারোক্তিতেও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে সবই বলেছেন। সুতরাং অভিযোগ গঠন করে মামলাটির বিচার কাজ শুরু করা হোক।"
অ্যাডভোকেট শরফুদ্দিন বলেন,"শেখ সেলিম স্বীকার করেছেন, ওই টাকার মধ্যে থেকে শেখ হাসিনাকে এক কোটি টাকা দেওয়া হয়েছে। পরে সেটা হাসিনার কথামত শেখ রেহানাকে দেওয়া হয়েছে। ৫০ লাখ টাকা দৈনিক বাংলার বাণীতে খরচ করা হয়েছে। বাকি দেড় কোটি টাকা শেখ সেলিম নিজের কাছেই রাখেন।"
প্রধান কৌশলীর এ কথা শুনে কাঠগড়ায় দাঁড়ানো শেখ হাসিনা বলতে থাকেন,"মাত্র এক কোটি টাকা? বা, অঙ্ক মিলেছে? অঙ্ক মেলে নাই।"
এরপর আসামী পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৩১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে আইনজীবীদের সঙ্গে কথা বলার জন্য আসামীদের আধ ঘন্টা সময় দেন।
শেখ হাসিনার সঙ্গে কথা বলার পর জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন,"শেখ হাসিনা আমাদেরকে বলেছেন, প্রতিটি দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। কিন্তু এবার সিডর আক্রান্তদের পাশে দাঁড়াতে পারলাম না। এমনকি আর্থিক সাহায্য দিতে চাইলাম,তারও অনুমতি দেওয়া হলো না।"
জিল্লুর বলেন,"শেখ হাসিনা দলের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর দোয়াও চেয়েছেন। আর আইনজীবীদেরকে বলেছেন, যারা তার বিরুদ্ধে মামলা করিয়েছে তাদের পরিবারের সদস্যরা কে কি ব্যবসা করছে তার খোঁজ রাখতে।"
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার আদালতে আসেন হালকা রঙের টাঙ্গাইল শাড়ি পড়ে। এজলাসে ঢোকার সঙ্গে সঙ্গে অনেকে তাঁর পা ছুঁয়ে ছালাম করেন। এসময় হাসিনা হাসি মুখে অনেকের সঙ্গে কথা বলেন। মামলার অভিযোগপত্রসহ বিভিন্ন কাগজও দেখেন তিনি।
গত ৯ ডিসেম্বর মামলাটির বিচার কাজ তিন মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। একই সঙ্গে সংসদ ভবনের বিশেষ এজলাসে মামলাটি স্থানান্তরের ওপরও নিষেধাজ্ঞা দেয় আদালত। ওই আদেশের বিরুদ্ধে সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট গত ১৩ ডিসেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করে।
বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ৩ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম চৌধুরী ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন।
শেখ হাসিনাকে ১৬ জুলাই ভোরে সুধাসদন থেকে আটক করার পর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগেই গ্রেপ্তার হন শেখ ফজলুল করিম সেলিম। ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
২৪ জুলাই মামলার অভিযোগপত্রে প্রধান দুই আসামীর পাশাপাশি শেখ রেহানাকেও আসামি করা হয়। শেখ হাসিনা ও শেখ সেলিম কারাগারে রয়েছেন। যুক্তরাজ্যপ্রবাসী শেখ রেহানাকে অভিযোগপত্রে 'পলাতক' দেখানো হয়েছে।
২৬ নভেম্বর 'নিরাপত্তাগত কারণ' দেখিয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ এজলাস বসিয়ে মামলাটির বিচারের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। একই সঙ্গে ঢাকার মহানগর দায়রা জজ এবং পাঁচজন বিশেষ পিপিও নিয়োগ করে আইন মন্ত্রণালয় ।
গত ৩ ডিসেম্বর সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটির বিচার কাজ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১৮২৯ঘ.
bdnews24