২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে পৃথক এলাকা থেকে মঙ্গলবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি লাশ উদ্ধার করা হয়েছে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকা থেকে; অপর লাশটি উদ্ধার করা হয় কেরানীগঞ্জের কাছে বুড়িগঙ্গা নদী থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক এলাকা থেকে মঙ্গলবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি লাশ উদ্ধার করা হয়েছে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকা থেকে; অপর লাশটি উদ্ধার করা হয় কেরানীগঞ্জের কাছে বুড়িগঙ্গা নদী থেকে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৮টার দিকে দনিয়া কলেজের ৮ নম্বর ফটকের কাছে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ পাওয়া যায়। তার বয়স আনুমানিক ২৫ বছর।" লাশের পরিচয় পাওয়া যায়নি। যুবকটিকে জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ কর্মকর্তা এমদাদুল হক জানান, লাশের শরীরের বিভিন্ন অংশে পোড়া দাগও রয়েছে। এদিকে দুপুর ১টার দিকে বুড়িগঙ্গা নদীর কুশিয়ারাঘাট এলাকা থেকে উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ। থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টার দিকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।" দুটি লাশই মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা যুবকের নাম আবুল কালাম আজাদ এবং বাড়ি পটুয়াখালীর বাউফলে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিডফোর্ট প্রতিনিধি। লাশ উদ্ধারের দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এমআই/২০৫৬ ঘ.