চট্টগ্রাম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।
বড়দিন উপলক্ষে নগরীর গীর্জাগুলোতে প্রার্থনাসভা, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ঘরে ঘরে ক্রিসমাস ট্রি সাজানো হয়। গীর্জা ছাড়াও খ্রিস্টান ধর্মাবলম্বীরা রঙিন বাতি দিয়ে তাদের বাড়িঘর সাজান।
চট্টগ্রামে বড়দিনের প্রধান প্রার্থনা সভা সোমবার রাত ও মঙ্গলবার সকালে পাথরঘাটা গীর্জায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীরা এ প্রার্থনা সভা দুটিতে যোগ দেন। প্রার্থনা সভা পরিচালনা করেন পাথরঘাটা গীর্জার বিশপ প্যাট্রিক ডি রোজারিও।
বড়দিনের প্রার্থনায় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও বিশ্বব্যাপী জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর জন্য স্রষ্টার কাছে আবেদন জানানো হয়। বড়দিন উপলক্ষে গীর্জার ভেতরে যীশুখ্রিস্টের জন্মস্থানের প্রতীক গোশালাও স্থাপন করা হয়। গীর্জার পাশে কবরস্থানে মোমবাতি জ্বালানো হয়।
মঙ্গলবার সন্ধ্যায় যিশুখ্রিস্টের জন্মতিথিতে পাথরঘাটা গীর্জায় কেক কাটা এবং পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম. মনজুর আলম, বিভিন্ন দেশের কনস্যুলেট অফিসসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই সময় বিশপ প্যাট্রিক ডি রোজারিও এবং ফাদার ফিলিপ ডি রোজারিও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
বড়দিন উপলক্ষে নগরীর খ্রিস্টানপাড়া ও অনাথ আশ্রমগুলোতে উন্নত খাবারও পরিবেশন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমআই/২০৩৯ ঘ.
bdnews24