২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় বাসচাপায় নিহত ৬

সিলেট, সিরাজগঞ্জ, ফরিদপুর ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট, সিরাজগঞ্জ, ফরিদপুর ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। (আরো তথ্যসহ-২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যমুনা সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কে দুটি দুর্ঘটনায় তিন জন নিহত হন। এর মধ্যে সদর উপজেলার সয়দাবাদ বিশ্বরোড এলাকায় মঙ্গলবার দুপুর ১টার দিকে রাস্তা পেরুনোর সময় বাসের ধাক্কায় সন্তানসহ নিহত হন এক নারী। যমুনা সেতু (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা জানান, ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ঠ হয়ে আহিমা খাতুন (২৫) ঘটনাস্থলেই মারা যান। আহত হয় তার মেয়ে ইয়াসমিন (৫)। গুরুতর আহত ইয়াসমিনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পরপরই সে মারা যায়। নিহত আহিমা সিরাজগঞ্জের বেলকুচী উপজেলার রাজাপুর গ্রামের তাঁত শ্রমিক ছানোয়ার হোসেনের স্ত্রী। একই সড়কের কড্ডা এলাকায় সকাল ৭টার দিকে উত্তরাঞ্চলগামী একটি বাসের চাপায় নিহত হন আমির হোসেন (৫০) নামের এক পথচারী। ওই পুলিশ কর্মকর্তা জানান, নিহত আমির কামারখন্দ উপজেলার জারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ লাশ তিনটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাস দুটি আটক করা যায়নি। সিলেট প্রতিনিধি জানান, বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার বাসচাপায় নেছারুন বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। নিহতের বাড়ি বালাগঞ্জের রূপাপুর গ্রামে। তার স্বামীর নাম আখলাছ মিয়া। পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টায় গোয়ালাবাজার এলাকায় রাস্তা পেরুনোর সময় যাত্রীবাহী একটি বাস নেছারুন বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে নেছারুন ঘটনাস্থলেই মারা যান। ওসমানী নগর থানার উপ-পরিদর্শক আবদুল আজিজ জানান, ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুর প্রতিনিধি জানান, জেলা শহরের কাছে খলিল মণ্ডলের হাট এলাকায় আকবর মোলল্লা (৫০) নামের এক পথচারী বাসচাপায় নিহত হয়েছেন। ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, রাজবাড়ির গোয়ালন্দ থেকে ছেড়ে আসা একটি বাস আকবর মেল্লাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। আকবর মোলল্লার বাড়ি ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদপুর মোলাডাঙ্গি গ্রামে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জালাল উদ্দিন জানান। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা জানান, বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের কেন্দুরবাগ এলাকায় সোমবার রাত ১০টার দিকে বাস চাপা পড়ে মোহাম্মদ আলী (১৮) নামের এক পথচারী নিহত হন। পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে চৌমুহনীগামী আনন্দ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ঠ হয়ে আলী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে পঞ্চগড় প্রতিনিধি জানান, বনভোজনের একটি বাস বোদা উপজেলার বেংহারী গ্রামের পাম সেতু থেকে নদীতে পড়ে গেলে প্রায় ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মানিককে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং রফিক, সুজা, এনায়েত হাসান ও রহিমকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত রফিক জানান, তারা বেংহারী গ্রামের প্রায় ৫০ জন মিলে দিনাজপুরের স্বপ্নপুরীতে বনভোজন শেষে সোমবার রাতে বাড়ি ফিরছিলেন। গ্রামের কাছাকাছি এসে তাদের বাসটি পাম নদীর সেতুতে ওঠার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ ফুট নিচে পড়ে যায়। খবর পেয়ে পঞ্চগড় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/জেকে/১৯২৯ ঘ.