ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র হজ পালন শেষে সোমবার সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
সকাল ১০টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০৩৬) প্রধান উপদেষ্টা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তার স্ত্রী নীনা আহমদ। (আরও তথ্যসহ)
বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নুরুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "প্রধান উপদেষ্টাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান এবং নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল সারওয়ার জাহান নিজাম।"
এদিকে রিয়াদের একটি সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে একই বিমানে সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদ এর দেশে ফেরার কথা থাকলেও শেষ মুহুর্তে তা বাতিল করা হয়। সামান্য অসুস্থ বোধ করায় চিকিৎসার জন্য তিনি সৌদিতে থেকে গেছেন। তিনি দুই একদিনের মধ্যেই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সূত্রটি।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও সেনাবাহিনীর প্রধান জেনারেল মইন উ আহমেদ ১৬ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান পবিত্র হজব্রত পালন করেন। তারা দেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
২০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম ইকরামুল হক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসি/এমএইচবি/১২১৭ ঘ.
bdnews24