ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ, র্যাব ও কুরিয়ার প্রতিষ্ঠান হোমবাউন্ড সবাই বলছে, এয়ার ফ্রান্সের কাছে হস্তান্তরের পরই ফ্রান্সের প্রদর্শনীতে পাঠানোর জন্য নির্ধারিত পুরাকীর্তিগুলি খোয়া গেছে। বিমানবন্দর থেকে পুরাকীর্তির কার্টনটি শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে শনিবার ভোর ছয়টার মধ্যে খোয়া গেছে বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা।
এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার রাতে আরো এক বিমানকর্মীকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। (আরও তথ্যসহ ২)
পুলিশের উত্তরা জোনের উপ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুরাকীর্তি উধাও হওয়ার ওই সম্ভাব্য সময়ের কথা জানান।
তিনি আরও জানান, রোববার রাতে ভোলা থেকে শংকর চন্দ্র দে নামের এক বিমান কর্মচারীকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
পুলিশের উপ কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, এখন তাদের প্রধান লক্ষ্য হচ্ছে হারানো মূর্তিগুলো খুঁজে বের করা। তিনি জানান, ইতিমধ্যেই কার্গো ভিলেজ ও বিমানটিতে তল্লাশি চালানো হয়েছে। সেখানে কিছুই পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, "এখন বিমান বন্দরের আশেপাশের জায়গাগুলো তন্নতন্ন করে খোঁজা হচ্ছে।"
ভারতের শিলিগুড়িতে পাওয়া চারটি পুরাকীর্তির বিষয়ে উপ কমিশনার বলেন, "সেগুলো আমাদের এখানে চুরি যাওয়াগুলো বলে মনে হয় না।"
এয়ার ফ্রান্সের কার্গো বিমানটির বিষয়ে তিনি বলেন,"ওটা এখানে কতোক্ষণ থাকবে এবং বাকি পুরাকীর্তিগুলোর কী হবে সে বিষয়ে সরকারই সিদ্ধান্ত নেবে।"
এদিকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজারউদ্দিন আহমেদ সোমবার র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের বলেন, এয়ারফ্রান্সের হেফাজত থেকে পুরাকীর্তিগুলো হারিয়েছে বলেই মনে হচ্ছে। তিনি বলেন,"রাত দুইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে এয়ারফ্রান্স কর্তৃপক্ষকে কার্টনগুলো হস্তান্তর করা হয়।"
কর্নেল গুলজারউদ্দিন বলেন, "আমরা চেষ্টা করছি সুনির্দিষ্টভাবে কার ওপর দায়িত্বটি বর্তায় তা নির্ধারণ করতে। যে কোনও জিনিস কার্গো ভিলেজ থেকে প্লেনে ওঠাতে অনেক মানুষের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা এখন সবার সঙ্গে কথা বলছি।"
তিনি জানান গ্রেপ্তারকৃত ১০জন ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরও ৯ জনকে আটক করেছে র্যাব। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ ও র্যাব বলেছে এয়ার ফ্রান্সের বিমানটি শনিবার ভোর ৫টায় আসার কথা থাকলেও কুয়াশার কারণে সকাল ১১টায় ঢাকা আসে। একজন লোডার পুলিশকে বলেছে, বিমানবন্দরে দায়িত্বরত এয়ারফ্রান্সের লোডিং সুপারভাইজার মাসুদ রানা বন্ডেড ওয়্যার হাউজ ত্যাগ করে শুক্রবার রাত ৩টায় খেতে যান এবং শনিবার বেলা ১টায় ফেরেন। ওই লোডারের ভাষ্যমতে মাসুদ রানা যখন ফেরেন ততক্ষণে পুরাকীর্তির বাক্সগুলো উড়োজাহাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। উড়োজাহাজটি দাঁড়ানো ছিল কার্গো বিল্ডিং থেকে অন্তত দেড় কিলোমিটার দূরে। মাসুদ রানাকে গ্রেপ্তার করা না হলেও তাকে র্যাবের হেফাজতে রাখা হয়েছে।
হোমবাউন্ডের ম্যানেজার এয়ারফ্রেইট জর্জ কুইয়ার ভাষ্য হচ্ছে, জাদুঘর থেকে পুরাকীর্তি বোঝাই কার্টনগুলো নিয়ে তিনি দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ২টার দিকে এয়ারফ্রান্সকে বুঝিয়ে দিয়ে আসেন।
মাসুদ রানা কার্গো ভিলেজ ত্যাগ করার পর এ চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ ও র্যাব। এখানে তার সংশ্লিষ্টতার সম্ভাবনা খতিয়ে দেখছে সংস্থাগুলো।
শনিবার দুপুরে বিমানে তোলার সময় একটি কার্টন কম থাকার বিষয়টি ধরা পড়ে।
বিমানে তোলার সময় ১৩ টি বাক্স ৪টি, ৪টি ও ৫টি করে একত্রে বেঁধে একটি প্যালেট করা হয়। ৫টি বাক্সের প্যালেটটি থেকে ৫ নম্বর বাক্সটি চুরি হয়ে যায়। ওই প্যালেটটি বিমানে ওঠানোর সময় প্রথমে একজন বিমানকর্মী বাঁধন একটু ঢিলে হয়ে রয়েছে বলে লক্ষ্য করেন । তারপর বিষয়টি ধরা পড়ে।
প্রশ্ন উঠেছে প্যালেটটি 'ঢিলে' হওয়া সত্ত্বেও কেন তা বিমানে ওঠানো হলো। এর কোনও সুনির্দিষ্ট জবাব দিতে পারেননি পুলিশ ও র্যাব কর্মকর্তারা।
র্যাব ও পুলিশের উভয় কর্মকর্তাই উল্লেখ করেন বিমানবন্দরের কার্গো ভিলেজের ভেতর সিভিল এভিয়েশন ও বিমান কর্মীরা ছাড়া অন্য কারও প্রবেশাধিকার নেই।
রোববার আটককৃত ১১ জনের মধ্যে দুই আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। নতুন গ্রেপ্তার নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়ালো ১০।
তদন্তের অগ্রগতি বিষয়ে উপকমিশনার জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কোনো সাফল্য নেই। তবে পুলিশ সদর দপ্তর থেকে ইন্টারপোলে বার্তা পাঠানো হয়েছে।
মূর্তি খোয়া যাওয়ার ঘটনায় রোববার রাতে জাতীয় জাদুঘরের মহাপরিচালক সমর চন্দ্র পাল বাদি হয়ে বিমান বন্দর থানায় যে মামলাটি করেছিলেন সেটিতে রোববার আটককৃত ৯ জন ও শংকরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত ১০ জন এয়ার ফ্রান্স কার্গো, ভয়েজার এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশনের সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলেন জামিউল আবেদিন (লোডার), মাসুদ রানা সাইফুল (লোডিং সুপারভাইজার), আবু বকর (সহকারী লোডার), আফসার (বিমানের নিরাপত্তাকর্মী), আবুল হোসেন (গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট অফিসার), মো. আল মমিন (ভয়েজার এয়ারলাইন্সের কর্মকর্তা), শাহজাহান আলী (লোডার অপারেশন বিভাগ), শরীফুল ইসলাম মানিক (ভয়েজার এয়ারলাইন্স), বিল্লাল হোসেন (লোডার) এবং বিমান কর্মী শংকর চন্দ্র দে।
বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, এয়ার ফ্রান্সের বিমানটি এখনও বিমান বন্দরেই আছে। এ ছাড়া পুরাকীর্তির বাকি ১২টি কার্টন কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায় রাখা হয়েছে।
পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম আরও জানান, কার্গো ভিলেজে ব্যাপক তল্লাশি চালানো হলেও সেখানে কার্টনের কোনো হদিস পাওয়া যায়নি।
এদিকে রোববার রাতে জাতীয় জাদুঘরের মহাপরিচালক সমর চন্দ্র পাল বাদী হয়ে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয় , "শুক্রবার বিকেল সোয়া ৫টায় পুরাকীর্তির ১৩টি বাক্স বিমান বন্দরের কার্গো ভিলেজের ফটকে নিয়ে যাওয়া হয়। কাস্টমস চেকিং শেষে রাত আড়াইটার দিকে হোম বাউন্ড কুরিয়ার এয়ারফ্রান্সের কাছে তা হস্তান্তর করে।" মামলায় উল্লেখ করা হয়, চুরি যাওয়া মূর্তিগুলোর মধ্যে দুটি বিষ্ণু মূর্তি রয়েছে।
প্যারিসের গিমে মিউজিয়ামে প্রদর্শনীর জন্য ২১ ডিসেম্বর ঈদের দিন বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় জাদুঘর থেকে পুরাকীর্তির শেষ চালানটি জিয়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ১৩টি কার্টনে ১৪৫টি পুরাকীর্তি 'হোমবাউন্ড কুরিয়ার সার্ভিস' এর চারটি ট্রাকে বিমানবন্দরে নেওয়া হয়।
এর আগে গত ৩০ নভেম্বর প্রথম চালানে ১০টি কার্টনে ৪২টি প্রত
bdnews24