ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মতিউর রহমান নিজামীসহ ৯ জামায়াত নেতার বিরুদ্ধে দায়ের করা মুক্তিযোদ্ধা হত্যা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য আদালত নির্দেশ দেওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও কেরানীগঞ্জ থানা তা করেনি। বাদীর আইনজীবীরা এতে ক্ষুদ্ধ।
গত ১৭ ডিসেম্বর ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ খান ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য হাকিম আশিকুল খবিরের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত তখন মামলাটি আমলে নিয়ে কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ১৮ ডিসেম্বর সকালেই মামলাটি আদালত থেকে ওই থানায় পাঠানো হয়।
কিন্তু সোমবার দুপুর পর্যন্ত কেরানীগঞ্জ থানা থেকে মামলাটির কোন তদন্ত প্রতিবেদন আদালতে আসেনি।
অন্যদিকে আলী আহসান মো.মুজাহিদ, কাদের মোল্লা ও শাহ মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে কেরানীগঞ্জের অপর একজন মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দায়ের করা মামলা অনুমোদন সংক্রান্ত শুনানির আদেশের তারিখ আবারও পিছিয়ে গেছে। আগামী ৭ জানুয়ারি এ আদেশ দেওয়ার দিন ধার্য করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম এমরান হোসেন চৌধুরী ছুটিতে থাকায় সোমবার এ মামলার আদেশ দেওয়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়।
নিজামীসহ ৯ জামায়াত নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীর আইনজীবী শাহ্ মোহাম্মদ আশরাফুল হক জর্জ সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি এজাহার হিসাবে গ্রহণ না করে আদালতের আদেশ অমান্য করছেন। তার ঔদ্ধত্যের বিরুদ্ধে বুধবার আমরা সংশ্লিষ্ট আদালতে আবেদন করবো।"
এজাহারে অভিযোগ আনা হয়, স্ব^াধীনতা যুদ্ধের শেষ দিকে ১৯৭১ সালের ২৫ নভেম্বর ভোর রাতে বাদির ভাগ্নে গোলাম মোস্তফা ও তার সহযোদ্ধা ওসমান গনি তাদের মাকে দেখতে ভাওয়াল খান বাড়ি ও ঘাটারচর গ্রামে নিজেদের বাড়িতে যান। বিষয়টি জানতে পেরে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের নির্দেশে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর ৬০/৭০ জন সদস্য বাড়ি দুটি ঘেরাও করে ফেলে। তারা বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয় এবং ওসমান ও মোস্তফাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও পরে ব্রাশ ফায়ারে হত্যা করে।
ওই সময় পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা নির্বিচারে গুলি চালিয়ে ভাওয়াল খান বাড়ি ও চর ঘাটা গ্রামের কয়েক হাজার নিরীহ গ্রামবাসীকেও হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৮০২ঘ.
bdnews24