ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজব্রত পালন শেষে বাংলাদেশী হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। সোমবার ভোর চারটায় ৩১৫ জন হাজি নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।
ধর্ম সচিব মো. আতাউর রহমান সোমবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়ে বলেন, " প্রথম ফিরতি হজ ফ্লাইটের যাত্রীদের বিমান বন্দরে উপস্থিত থেকে আমি অভ্যর্থনা জানিয়েছি। ৫৪৩ জন যাত্রী নিয়ে আজ আরো একটি হজ ফ্লাইট আসার কথা।"
ধর্ম সচিব জানান, হাজিদের দেশে ফিরিয়ে আনার জন্য মোট ৮৫টি হজ ফ্লাইট নির্ধারিত আছে। আগামি ২৫ জানুয়ারী সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট আসবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমানের শেষ হজ ফ্লাইট ঢাকা ছাড়ে ১৪ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর হজ অনুষ্ঠিত হয়।
ব্যালটিদের (সরকারি ব্যবস্থাপনায়) শেষ ফিরতি হজ ফ্লাইট আসবে আগামী ৭ জানুয়ারি। আর নন-ব্যালটিদের (বেসরকারি ব্যবস্থাপনায়) নিয়ে শেষ ফিরতি হজ ফ্লাইট আসবে আগামী ২৫ জানুয়ারি।
এ বছর বাংলাদেশ থেকে হজে গেছেন ৪৫ হাজার ৪০৭ জন। এর মধ্যে পাঁচ হাজার ৫৭২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৩৯ হাজার ৮৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় যান।
হজ করতে যাওয়া বাংলাদেশীদের মধ্যে ১৮ জন মারা গেছেন। এদের মধ্যে হৃদরোগে ১২ জন, সড়ক দুর্ঘটনায় একজন এবং বার্ধক্যজনিত অসুস্থতায় দুজন মারা গেছেন। বাকি তিন জনের মৃত্যুর কারণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এসকে/১৪০২ঘ.
bdnews24