ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কৃতি উপদেষ্টা হিসেবে পুরাকীর্তি খোয়া যাওয়ার দায়-দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগের কথা ভাবছেন আইয়ুব কাদরী। তিনি বলেছেন, "সংস্কৃতি উপদেষ্টা হিসেবে এ ঘটনার দায়-দায়িত্ব আমাকে নিতে হবে।"
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
পুরাকীর্তি খোয়া যাওয়া প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হয়েছিল: প্রতিবাদের মুখেও পুরাকীর্তি পাঠানোর সময় তা খোয়া যাওয়ার দায় স্বীকার করে তিনি পদত্যাগ করবেন কি না।
জবাবে উপদেষ্টা সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন করেন, "আপনারা কি চান?"
এ পর্যায়ে তার অভিপ্রায় জানতে চাইলে আইয়ুব কাদরী বলেন, "দেখি, বিষয়টি নিয়ে ভাবছি।"
উপদেষ্টা বলেন, "এই এয়ার ফ্রান্সের এয়ারক্রাফটে পুরাকীর্তিগুলো যাবে না। পরবর্তীকালে পাঠানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।"
বিমানটির সমস্ত মালামাল নামিয়ে খোয়া যাওয়া পুরাকীর্তিগুলো খোঁজা হয়েছে এবং বাকি ১২টি বাক্স অক্ষত রয়েছে বলেও জানান তিনি।
সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, "এই দুটি মূর্তি খোয়া যাওয়ার ব্যাপারটির সুরাহা না হওয়া পর্যন্ত এগুলো পাঠানো ঠিক হবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত; এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।"
তিনি বলেন, "পুরাকীর্তি ফ্রান্স থেকে সঠিকভাবে ফেরত আসবে না- এ বিষয়ে প্রতিবাদ ছিল। কিন্তু পাঠানোর সময় খোয়া যাবে - কেউ এমন কথা বলেননি।"
নিরাপত্তা জোন থেকে মূর্তিগুলো কিভাবে খোয়া গেল- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা কাদরী বলেন, "বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে এ নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে।"
ভারতের শিলিগুড়িতে উদ্ধার হওয়া চারটি মূর্তি প্রসঙ্গে তিনি বলেন, "খবরের কাগজ পড়ে আমি এ বিষয়টি জানতে পেরেছি।"
ভারতে উদ্ধার করা বিষ্ণু মূর্তির ব্যাপারে উপদেষ্টা বলেন, "খবরের কাগজে দেখেছি এগুলো পাথরের তৈরি। আমাদের খোয়া গেছে টেরাকোটার মূর্তি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/এসি/এসকে/১৩৩০ ঘ.
bdnews24