নরসিংদী, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর বেলাব উপজেলার বেলাব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রোববার এক সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় বেলাব ইউনিয়ন ও বাজনা ইউনিয়নের চেয়ারম্যানসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সকাল ১১টায় চর বেলার গ্রামেব কামরুল ইসলামের দেনা-পাওনা নিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সালিশ বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে নরসিংদী থেকে দাঙ্গা পুলিশ গিয়ে বেলাব থানা পুলিশের সগযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় পুলিশ বেলাব ইউনিয়নের চেয়াম্যান ছায়েদুর রহমান ভূঁইয়া, বাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির আহমেদ ও শাহজাহান নামের অপর এক ব্যক্তিকে আটক করে।
পরে পুলিশ চর বেলাব গ্রামে ঢুকে লাঠিপেটা করে। এতে জহির (২৫), খান মাহমুদ (৪৮) ও দুলাল মিয়া (৪০) আহত হন। এসময় আরও চারজনকে আটক করা হয়। এরা হলেন- সুজন, আউয়াল মিয়া, মোস্তাক ও আব্দুল বাতেন।
আহতদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24