ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক ও কবি মাহবুব-উল-আলম চৌধুরীকে বনানী গোরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা নামাজ আদায় শেষে বনানী গোরস্থানে তার মরদেহ নিয়ে যাওয়া হয়।
এর আগে সকাল ১১ টা ২৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবির কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এরপর তার মরদেহ রাখা হয় বাংলা একাডেমি প্রাঙ্গনে ।
কেন্দ্রীয় শহীদ মিনার ও বাংলা একাডেমি প্রাঙ্গনে কবির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন কবি, সাহিত্যিক, শিল্পী, রাজনীতিক ও সাংস্কৃতিক কর্মী এবং অনেক সাধারণ মানুষ। রাজনীতিবিদ নির্মল সেন, ড. কামাল হোসেন,সৈয়দ সাজেদা চৌধুরী, আবদুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেন গুপ্ত, অ্যাডভোকেট রহমত আলী, আসাদুজ্জামান নুর, রাশেদ খান মেনন,মোজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, সাইফুল হক, বদরুল আলম, বজলুর রশীদ ফিরোজ, অধ্যাপক এম এম আকাশ,মাহাবুব আলম, আবদুল্লুাহিল কাইয়ুম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম আনিসুজ্জামান ও সুলতানা কামাল, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, শিল্পী হাশেম খান, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ প্রমুখ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর মরহুমের কফিন নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি চত্বরে। সেখানে সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী, কবি নিমলেন্দু গুনসহ সাহিত্যিক ও শিক্ষকরা শ্রদ্ধা জানান।
পরে ঢাকা বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা হয়। এতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা অংশ নেন।
বায়ান্নর ভাষা আন্দোলনের সময় পাকিস্তানী জান্তার নির্মম দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ ও অনমনীয়তার বারুদঠাসা কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'র রচয়িতা এ কবি রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।
রোববার উত্তরা জামে মসজিদে মাহবুব-উল-আলম চৌধুরীর প্রথম জানাজা হয়। এরপর তার মৃতদেহ বারডেমের হিমাগারে রাখা হয়।
মাহবুব-উল-আলম গত অক্টোবরে হৃদরোগে আক্রান্ত হন বলে জানিয়েছেন তার আত্মীয় শারমিন রহমান।
মাহবুব-উল-আলম চৌধুরী ১৯২৭ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আহমদুর রহমান চৌধুরী ও মায়ের নাম রওশন আরা বেগম।
১৯৪০ এর দশকে মাহবুব-উল-আলম চৌধুরী চট্টগ্রামে প্রথম প্রগতিশীল মাসিক সাহিত্য পত্রিকা সীমান্ত বের করেন। সে পত্রিকায় দুই বাংলার কবি-সাহিত্যিকদের লেখা ছাপা হতো।
১৯৫২ সালের ২১ ফেব্র"য়ারি বাংলাকে রাষ্ট্রভাষার করার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণের পর মাহবুব-উল-আলম 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি' কবিতাটি লেখেন। ওইদিনই চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতিবাদ সভায় কবিতাটি পাঠ করা হয়। এরপরই কবিতাটি নিষিদ্ধ ঘোষণা এবং মাহবুব আলমের বিরুদ্ধে হুলিয়া জারি করে তৎকালীন পাকিস্তান সরকার। ওই সময় তাকে গ্রেপ্তারও করা হয়।
তৎকালীন পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে চলি
bdnews24