২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সৈনিক ও সাংবাদিক ফজলুল করীমের দাফন সম্পন্ন

ভাষা সৈনিক ও সাংবাদিক ফজলুল করীমকে (৭৯) রোববার বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার রাতে সোয়া ৮টায় বনানীতে নিজের বাসায় তিনি মারা যান। তিনি ক্যান্সারসহ বেশ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন। রোববার দুপুরে জোহরের নামাজের পর প্রথমে বনানী বাজার মসজিদে ও পরে জাতীয় প্রেস ক্লাবে ফজলুল করীমের জানাজা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা সৈনিক ও সাংবাদিক ফজলুল করীমকে (৭৯) রোববার বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার রাতে সোয়া ৮টায় বনানীতে নিজের বাসায় তিনি মারা যান। তিনি ক্যান্সারসহ বেশ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন। রোববার দুপুরে জোহরের নামাজের পর প্রথমে বনানী বাজার মসজিদে ও পরে জাতীয় প্রেস ক্লাবে ফজলুল করীমের জানাজা হয়। অধ্যাপক এম আনিসুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদসহ শিক্ষাবিদ ও সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ এই সদস্যের জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিন বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে ফজলুল করীম স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার ছেলে সাংবাদিক শাহরিয়ার করীম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করছেন। বাংলা ভাষার পক্ষে আন্দোলনে অংশ নেওয়ায় ১৯৫২ সালে ফজলুল করীমকে কারাগারে পাঠানো হয়। তখন তিনি নোয়াখালীর চৌমোহনী কলেজের ছাত্র। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, মোহাম্মদ তোহা, শামসুল হক, মুনীর চৌধুরী, অজিত কুমার গুহ, অলি আহাদসহ আরও অনেকের সঙ্গে তাকে কারাগারে রাখা হয়। পরে কারাবাসের সেই অভিজ্ঞতা নিয়ে 'বায়ান্নর কারাগার' নামে একটি বই লেখেন ফজলুল করীম। এছাড়া 'সংসদ রিপোর্টিং' ও 'ফুলফল তরুলতা' নামে আরো দুটি বই লিখেছেন তিনি। সাংবাদিক ফজলুল করিমের কর্মজীবন শুরু ১৯৫৬ সালে দৈনিক মিল্লাত-এর মাধ্যমে। কয়েকবছর পর তিনি 'দৈনিক পাকিস্তান'এ যোগ দেন। পরে দৈনিক বাংলার নগর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এদিকে খালেদা জিয়া মনোনিত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আবদুল মান্নান ভূঁইয়া ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে শোক এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএসবি/১৬৩৫ ঘ.