২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গত এলাকার সরকারি কর্মকর্তাদের ঈদের ছুটিতে কর্মস্থলে থাকার নির্দেশ

ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে তিন দিনের সরকারি ছুটিতে দুর্গত এলাকায় কর্মরত সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থেকে পুনর্বাসনে সহযোগিতা করতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 11:21 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

বরিশাল, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে তিন দিনের সরকারি ছুটিতে দুর্গত এলাকায় কর্মরত সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থেকে পুনর্বাসনে সহযোগিতা করতে বলা হয়েছে। বরিশালের বিভাগীয় কমিশনার মো. হারুন চৌধুরী জানান, দুর্গত এলাকায় কর্মরত সব সরকারি কর্মকর্তাদের ঈদের ছুটিতে কর্মস্থলে থাকতে বলা হয়েছে। কর্মস্থলেই তারা ঈদ পালন করবেন। পিরোজপুরের জেলা প্রশাসক আবদুল কাইয়ুম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারিভাবে ছুটি বাতিলের কোনো ঘোষণা আসে নি। তবে বিভাগীয় প্রশাসন থেকে এখানকার সরকারি কর্মকর্তাদের ছুটির সময় কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।" এ ব্যাপারে বরিশালের মুলাদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম খলিলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা অফিস থেকে তাকে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবারের সঙ্গে এবারের ঈদ করা হচ্ছে না। সরকারিভাবে উপজেলার একটি পৌরসভা এবং সাতটি ইউনিয়নে মোট আটটি গরু কোরবানি দেয়া হবে। তাই সরেজমিনে আমাকে তদরকি করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৭১২ ঘ.