২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ, জামালপুর ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

সিরাজগঞ্জ, জামালপুর ও চট্টগ্রামে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রাক মহাসড়কে একটি ভ্যান ও মোটর সাইকেলকে চাপা দিয়ে পাশের খাদে উল্টে যায়। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এছাড়া, যমুনা সেতুর পশ্চিম পাড়ে সন্ধ্যায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত ও ছয়জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 10:36 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ, জামালপুর ও চট্টগ্রামে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রাক মহাসড়কে একটি ভ্যান ও মোটর সাইকেলকে চাপা দিয়ে পাশের খাদে উল্টে যায়। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এছাড়া, যমুনা সেতুর পশ্চিম পাড়ে সন্ধ্যায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত ও ছয়জন আহত হয়। অন্যদিকে, জামালপুরে দুটি দুর্ঘটনায় তিন জন নিহত ও কমপক্ষে ৯০ জন আহত হয়েছে। চট্টগ্রামের মীরসরাই উপজেলার দুয়ারা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালক মো. সেলিম (৩৫) নিহত হন। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যমুনা সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়ক সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গরু ব্যবসায়ী বোঝাই একটি ট্রাক একটি ভ্যান ও মোটর সাইকেলকে চাপা দেয়। ট্রাকটি এরপর পালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ভ্যানচালক, ভ্যানযাত্রী এক শিশু, একজন মোটর সাইকেল আরোহীসহ আরও অন্তত পাঁচ গরু ব্যবসায়ীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এদের মধ্যে ভানচালক কামারখান্দ উপজেলার পাইকোশা গ্রামের সালাম (৩০), মোটর সাইকেল আরোহী একই গ্রামের আলম (৩৫), ভ্যানযাত্রী কোনাবাড়ী গ্রামের ইব্রাহীম ( ১২) ও এক গরু ব্যবসায়ী কুষ্টিয়ার সদর উপজেলার দহখোলা গ্রামের শাহিনুজ্জামান মোফার (৩২) পরিচয় পাওয়া গেছে। কামারখন্দ থানার উপ পরিদর্শক মো. শাহজাহান হোসেন জানান, গরু ব্যবসায়ীদের নিয়ে ট্রাকটি ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। দুর্ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয়েছে বলেও তিনি জানান। এছাড়া, যমুনা সেতুর পশ্চিম পাড়ে সন্ধ্যায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবু (২৫) নামে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন মোস্তফা জানান, সেতুর পশ্চিম পাড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী বাবু নিহত হয়। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ ছয়জন আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা ফিরোজ খানের উদ্ধৃতি দিয়ে জামালপুর প্রতিনিধি জানান, সন্ধ্যায় জামালপুর থেকে মাদারগঞ্জগামী একটি বাস রশিদপুর বেইলি ব্রিজে ওঠার সময় ঝিনাই নদীর বালির চরে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন বাস যাত্রী নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। নিহতরা হলেন দুই সহোদর মাদারগঞ্জের ভোলামারীর হাশেম (৩৩) ও লুৎফর (৩৫) এবং মেলান্দহের হাজরাবাড়ির রুহুল আমীন (৩০)। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, জামালপুর সদরের বামনজি সেতুর কাছে দুপুরের দিকে ঢাকা থেকে রৌমারীগামী একটি বাস খাদে পড়ে গেলে ৪০ যাত্রী আহত হয়। তাদের মধ্যে ১০ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের মীরসরাই উপজেলার দুয়ারা এলাকায় বৃহস্পতিবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালক মো. সেলিম (৩৫) নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। মীরসরাই থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক আবেদ আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকাগামী মালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস চালক সেলিম ঘটনাস্থলে নিহত হন। আহত যাত্রীরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে আছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এসএনডি/২০৩৫ ঘ.