পাবনা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মহান স্বাধীনতা যুদ্ধে চার সন্তান ও এক জামাতাকে হারিয়েছেন পাবনার রোকেয়া খাতুন। কিন্তু স্বাধীনতার ৩৬ বছরেও রাষ্ট্রীয়ভাবে শহীদ মাতার স্বীকৃতি পাননি তিনি। সরকারি সম্মান বা কোনো ধরনের সুযোগ সুবিধাও পায়নি তার পরিবার। হতাশাভরা কণ্ঠে রোকেয়া খাতুন বলেন, একসময় মনে হতো দেশের ১৫ কোটি মানুষ আমার সন্তান। কিন্তু এখন মনে হয় কেউ নেই আমার পাশে। জানাচ্ছেন পাবনা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান।
১৯৭১ সালে দেশকে শত্র"মুক্ত করতে মুক্তিযুদ্ধে অংশ নেন পাবনা শহরের সাধুপাড়া এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মোতাহার হোসেন ও রোকেয়া খাতুন দম্পতির পাঁচ ছেলে ক্যাপ্টেন মোজাম্মেল হোসেন, মোশারোফ হোসেন রঞ্জু, মোস্তাক হোসেন অঞ্জু, মোকাররম হোসেন মুকুল, মনসুর হোসেন মঞ্জু ও তাদের ভগ্নিপতি ইউসুফ আলী।
এদের মধ্যে ৮ ডিসেম্বর সম্মুখযুদ্ধে শহীদ হন মোশারোফ হোসেন রঞ্জু ও মোস্তাক হোসেন অঞ্জু। দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ জানাতে এবং বাবা মায়ের সঙ্গে দেখা করতে ১২ ডিসেম্বর অন্য দুই ভাই মোকাররম হোসেন মুকুল ও মনসুর হোসেন মঞ্জু এবং ভগ্নিপতি ইউসুফ আলী তাদের মধুবাগের বাসায় আসেন।
রাজাকার, আল বদর ও আল শামস কর্মীরা এ খবর জানিয়ে দেয় পাক সেনাদের। পাক সেনারা বাড়ি ঘিরে ফেলে ধরে নিয়ে যায় তিন মুক্তিযোদ্ধাকে। পরে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করা হয়। কদিন বাদে যুদ্ধ শেষ হলেও ওই ৫াঁচ শহীদের লাশের সন্ধান মেলেনি।
শহীদদের আত্মীয়-স্বজন জানান, মুক্তিযুদ্ধে যাওয়ার আগে মোশারোফ হোসেন রঞ্জু ছিলেন এডওয়ার্ড কলেজে স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র, মোস্তাক হোসেন অঞ্জু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্সের ছাত্র, মোকাররম হোসেন মুকুল ছিলেন জেলা বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী, মনসুর হোসেন মঞ্জু ছিলেন পানি ও বিদ্যুত উন্নয়ন বোর্ড (ওয়াপদা) এর হিসাবরক্ষণ কর্মকর্তা ও তাদের ভগ্নিপতি ইউসুফ আলী ছিলেন স্টেট ব্যাংক অব পাকিস্তানের কর্মকর্তা।
সবার বড় ভাই ক্যাপ্টেন মোজাম্মেল হোসেন ৭ নং সেক্টরের কমান্ডিং অফিসার ছিলেন। ১৯৭১ সালে সরাসরি যুদ্ধের সময় কামানের গোলায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর তার সামনেই শহীদ হন। ২০০২ সালের ২৯ নভেম্বর তিনি মারা যান।
দেশকে শত্র"মুক্ত করতে একই পরিবারের পাঁচজন জীবন উৎসর্গ করলেও দীর্ঘ ৩৬ বছরেও তাদের খোঁজ নেয়নি কেউ। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবনা সফরের সময় রোকেয়া খাতুনকে সার্কিট হাউসে ডেকে নিয়ে সান্ত্বনা দিয়েছেন। ওইটুকুই ছিল কেবল সরকারি স্বীকৃতি। এরপর থেকে স্বাধীনতা এবং বিজয় দিবসে প্রশাসনের পক্ষ থেকে একটি করে আমন্ত্রণপত্রই তাদের সান্ত্বনা।
৪ শহীদের ভাই মোকাব্বের হোসেন বিজু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার চার ভাই ও এক ভগ্নিপতি শহীদ হলেও আমার মা এখনও শহীদ মাতা হিসেবে সরকারি স্বীকৃতি পাননি। আমাদের খোঁজ কেউ রাখেনি। একটি ছোট চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরেছি। সবাই শহীদ পরিবারের কথা শুনে ব্যথিত হয়েছেন। কিন্তু চাকরি জোটেনি।"
৮১ বছরের রোকেয়া খাতুন এখন কোনমতে হাটাচলা করতে পারেন। স্বাধীনতা পরবর্তী সব সরকারের আচরণে তিনি মর্মাহত ও ব্যথিত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমার ছেলেরা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। আমি গর্বিত মা। এক সময় মনে হতো এ পরিবারের পাঁচজন শহীদ হয়েছে তো কী হয়েছে, আমার তো এখন ১৫ কোটি সন্তান রয়েছে। কিন্তু এখন মনে হয় কেউ নেই আমার পাশে।"
৪ শহীদের বোন মকবুলা মঞ্জুর শোভা আক্ষেপ করে বলেন, "আমার চারটি ভাই এবং এক ভগ্নিপতি দেশের জন্য জীবন দিল অথচ এ পরিবারের দুদর্শা কেউ দেখল না। চার ভাই একসঙ্গে শহীদ হওয়ার কারণে অন্য ভাইরা ঠিকভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারেনি। তাই তাদের ভাল চাকরিও হয়নি। এজন্যই কি পরিবারের পাঁচজন আত্মত্যাগ করেছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫২২ ঘ.
bdnews24