২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোমাদের জন্য কষ্ট হচ্ছে: শাকিরা

বাংলাদেশে তিন দিনের সফর শেষে চলে গেলেন কলম্বিয়ায় জন্মগ্রহণকারী পপ সুপার স্টার শাকিরা ইসাবেল। সিডরে আক্রান্ত দুর্গতদের পাশে দাঁড়াতে তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে তিনদিনের সফরে সোমবার বাংলাদেশ এসেছিলেন। বুধবার তিনি ঢাকা ত্যাগ করেন। বুধবার ইউনিসেফের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা জাফরীন চৌধুরী শাকিরার দেশ ত্যাগ করার খবরটি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 09:35 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে তিন দিনের সফর শেষে চলে গেলেন কলম্বিয়ায় জন্মগ্রহণকারী পপ সুপার স্টার শাকিরা ইসাবেল। সিডরে আক্রান্ত দুর্গতদের পাশে দাঁড়াতে তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে তিনদিনের সফরে সোমবার বাংলাদেশ এসেছিলেন। বুধবার তিনি ঢাকা ত্যাগ করেন। বুধবার ইউনিসেফের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা জাফরীন চৌধুরী শাকিরার দেশ ত্যাগ করার খবরটি নিশ্চিত করেছেন। শাকিরা বাংলাদেশে পৌঁছেই পটুয়াখালীর ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শন করেন। মঙ্গলবার পরিদর্শন করেন রাজশাহীতে ইউনিসেফের সার্বিক তত্ত্বাবধানে চলমান ব্র্যাকের কর্মজীবী ও পথশিশুদের শিক্ষাকার্যক্রম। এরপর তিনি বয়ঃসন্ধিকালের শিশুদের ক্ষমতায়নবিষয়ক এক অনুষ্ঠানে অংশ নেন। পটুয়াখালীতে ঘূর্ণিদুর্গত শিশুদের মুখে তিনি শোনেন সেই ভয়াল রাতের কাহিনী। শিহরিত হয়ে শাকিরা কয়েকটি শিশু ও মহিলাকে জড়িয়ে ধরে বলেন, "তোমাদের যা হয়েছে তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে।" তিনি বলেন, "কিন্তু সুদিন আবারও ফিরে আসবে। আমি তোমাদের দৃঢ়তা ও ধৈর্যের প্রতি শ্রদ্ধা জানাই। তোমাদের নিজেদের অনেক কিছু নেই অথচ এখনও দিতে হবে অনেক বেশি।" ঝড়ে বাবা-মাকে হারানো ১১ বছরের নীপা গান গেয়ে শোনায় শাকিরাকে । সে বলে, বড় হয়ে আমিও তোমার মতো বড় শিল্পী হতে চাই।" শাকিরা বলেন, "আমি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে বাংলাদেশে এসেছি। এ ছাড়া ইউনিসেফের শিক্ষা-কার্যক্রমও দেখতে চেয়েছি। বেশ কয়েকটি শিক্ষাকার্যক্রম দেখে আমি বুঝেছি, মানুষের জীবনের উন্নয়ন ঘটাতে শিক্ষা শক্তিশালী হাতিয়ার।" জনপ্রিয় এই শিল্পী বলেন, এসব শিশুদের সামান্য সাহায্য করে আমরা তাদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিতে পারি, এবং এভাবে পারি একটি নিরাপদ ও সুন্দর বিশ্ব গড়ে তুলতে।" শাকিরা দু'বার গ্র্যামি অ্যাওয়ার্ড এবং সাতবার ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। 'হিপস ডোন্ট লাই'সহ অসংখ্য জনপ্রিয় গানের এ শিল্পী ল্যাটিন আর ইংরেজি দুই ভাষাতেই গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেন। ২০০৩ সালে শাকিরা জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পান। মঙ্গলবার রাজশাহীতে ইউনিসেফ-এর অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা অ্যাসিসট্যান্স ফর স্লাম ডুয়েলার্স (এএসডি) প্রকল্প পরিদর্শন করেন বলে জানিয়েছেন আমাদের রাজশাহী প্রতিনিধি। তিনি জানান, বিকেলে শাকিরা রাজশাহী মহানগরীর তেরখাদিয়ায় একটি শিক্ষাকেন্দ্রও দেখতে যান। সেখানে ছোট-ছোট ছেলে-মেয়েদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শাকিরা। তার আন্তরিকতায় মুগ্ধ হয় কর্মজীবী দরিদ্র শিশুরা। শাকিরার উত্থান গাথা শাকিরা, পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। ১৯৭৭ সালের ২ ফেব্র"য়ারি কলম্বিয়ার বারানকুইলায় জন্ম নেন। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশের আগে শাকিরা ছিলেন কবি! মাত্র চার বছর বয়সে শাকিরা প্রথম তার কবিতা লিখেন। 'লা রোজা দি ক্রিস্টাল' শিরোনামের এই কবিতাটি যখন লিখেন তখন আসলেই তার বয়স ছিল মাত্র চার। বাবার লেখালেখির অভ্যাস তাকে সব সময়ই মোহাচ্ছন্ন করতো। টাইপ রাইটারের নিরবচ্ছিন্ন টুকটাক শব্দ তাকে আগ্রহী করে তোলে বাবার মতো হয়ে ওঠার স্বপ্নে। সাত বছর বয়সে তার বাবা তাকে ক্রিস মাসের উপহার হিসেবে কিনে দেন একটি টাইপ রাইটার। অবশ্য বায়না ছিল তারই। সেই থেকেই পুরোদমে তার লেখালেখির শুরু। সেই সময়ে লেখা কবিতাগুলোকে পরবর্তীতে তিনি গানে রূপ দেন। মাত্র আট বছর বয়সে শাকিরা লিখেন তার প্রথম গান। স্কুলে পড়ার সময় তিনি সহপাঠীদের জন্য গাইতেন। অবশ্য দ্বিতীয় গ্রেডে থাকার সময় তিনি একবার তার কাঁপানো কণ্ঠস্বরের জন্য প্রত্যাখাত হন। ওই সময় তার গানের শিক্ষক তাকে তার কণ্ঠকে কর্কশ বলে মন্তব্য করেন। তবে তার কণ্ঠকে কর্কশ বলা হলেও তিনি স্কুলে 'বেলি ড্যান্সার' হিসেবে পরিচিতি পান। ১০ থেকে ১৩ বছর বয়সের মধ্যে শাকিরা বারানকুইলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেতে শুরু করেন। ওই সময়েই তিনি স্থানীয় নাট্য নির্মাতা মনিকা আরিজার সুনজরে পড়েন। ওই নির্মাতাই তাকে অনুপ্রেরণা যোগান, তার পর থেকেই তিনি প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে উঠেন। ১৯৯১ সালে শাকিরা তার প্রথম গানের অ্যালবাম 'ম্যাজিয়া' প্রকাশ বের করেন। তখন তার বয়স মাত্র ১৪। তবে তার সেই অ্যালবামটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। ম্যাজিয়ার সাড়া না ফেলা তাকে হতাশ করলেও তিনি ১৯৯৩ সালে বের করেন আরেকটি অ্যালবাম। সেখানে তিনি কণ্ঠ দেন কিছু জনপ্রিয় গানে। এই অ্যালবামটি আগের অ্যালবামের চেয়ে বেশি সাড়া ফেললেও বিজ্ঞাপন না দেওয়ার কারণে সেটিও খুব একটা আশার আলো দেখায়নি শাকিরাকে। ১৯৯৩ সালে শাকিরা একটি গানের প্রতিযোগিতায় অংশ নেন। শাকিরা সেই প্রতিযোগিতায় তৃতীয় স্থান পান। ১৯৯৫-২০০০ সালেই রচিত হয় শাকিরার উত্থানের গল্প। সে সময় তিনি 'ন্যুয়েস্ত্রো রক' নামের একটি গান দিয়ে সারা কলম্বিয়ায় হৈ চৈ ফেলে দেন। এ পর শাকিরাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএইচ/এএল/এমএ/ডিডি/এমএইচবি/০৩২৬ ঘ.