২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ কোটি ৭০ লাখ ডলার সাহায্য দেবে যুক্তরাজ্য

ঘূর্ণিঝড় পুনর্বাসন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও শহর এলাকার বস্তিবাসীদের জীবনমানের উন্নয়নে বাংলাদেশকে নিয়মিত সাহায্যের বাইরে অতিরিক্ত ২০ কোটি ৭০ লাখ ডলার দেবে যুক্তরাজ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় পুনর্বাসন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও শহর এলাকার বস্তিবাসীদের জীবনমানের উন্নয়নে বাংলাদেশকে নিয়মিত সাহায্যের বাইরে অতিরিক্ত ২০ কোটি ৭০ লাখ ডলার দেবে যুক্তরাজ্য। বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেকজান্ডার এই সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, দেশের ১৬টি শহরাঞ্চলের ৩০ লাখ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্য সরকার জাতিসংঘের মাধ্যমে ১২ কোটি ডলার দেবে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মেকাবেলায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) মাধ্যমে দেওয়া হবে আরও ৬ কোটি ডলার। এছাড়া স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত শিশুদের শিক্ষা ও কারিগরি শিক্ষা কার্যক্রমে সহায়তা হিসেবে আড়াই কোটি ডলার দেবে যুক্তরাজ্য সরকার। আর ভোটার নিবন্ধন কার্যক্রমে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে বাংলাদেশ পাবে ২০ লাখ ডলার। এর আগে সকালে ডগলাস আলেকজান্ডার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ও প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামছুল হুদার সঙ্গে তাদের কার্যালয়ে দেখা করেন তিনি। ডিএফআইডি'র জনসংযোগ কর্মকর্তা মিলন খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ সফর শেষে ব্রিটিশ মন্ত্রী বুধবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/২২০০ ঘ.