ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঈদ-উল আজহা উপলক্ষে সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকায় আমেরিকান সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।
শুভেচ্ছা বাণীতে বুশ বলেন, "ঈদ-উল আজহা উদযাপনকারী মুসলমানদের আমি অবকাশের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ-উল আজহার সময় সারাবিশ্বের মুসলমানরা আল্লাহর দেয়া অপার নেয়ামতের জন্য শুকরিয়া জানায় আর এর মাধ্যমে হযরত ইবরাহিম (আ.) এর আনুগত্যকে সম্মান করে তারা। করুণা ও আত্মোৎসর্গের মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই অবকাশ সাহায্য করে।"
মুসলমান নাগরিকরা আমেরিকান সমাজকে সমৃদ্ধ করছে উল্লেখ করে বুশ বলেন, "আমেরিকা বহু ধর্মবিশ্বাসী মানুষের ভূমি। আমেরিকার মুসলমানরা এই বিশেষ উৎসবের সময় এবং সারাবছর যে উদারতা, বদান্যতা ও সদিচ্ছা দেখান তা আমাদের জাতির শক্তি ও গুরুত্ব বৃদ্ধিতে অবদান রেখেছে।"
এদিকে, ঈদ-উল আজহা উপলক্ষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসিও বাংলাদেশের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমআই/এমএ/১৬১৮ঘ.
bdnews24