২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশিল্প মালিকদের দাবি: ৯৮.৮৬% কারখানায় ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে

তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) দাবি করেছে ৯৮ দশমিক ৮৬ শতাংশ পোশাক কারখানাতেই ন্যূনতম মজুরি বাস্তবায়িত হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 05:02 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) দাবি করেছে ৯৮ দশমিক ৮৬ শতাংশ পোশাক কারখানাতেই ন্যূনতম মজুরি বাস্তবায়িত হয়েছে । মঙ্গলবার এ দুই সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার এক সংবাদ সম্মেলনে 'নাগরিক সংহতি' নামের একটি বেসরকারি সংগঠন জুলাই-আগস্ট মাসের পরিসংখ্যান দিয়ে মাত্র ২৮ শতাংশ গার্মেন্টস কারখানায় ন্যূনতম মজুরি বাস্তবায়ন হয়েছে বলে যে তথ্য প্রকাশ করেছে তা সম্পূর্ণ 'অসত্য ও বিভ্রান্তিমূলক'। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ'র কমপ্লায়েন্স সেলের জরিপের তথ্য অনুযায়ী ১৮ নভেম্বর পর্যন্ত ন্যুনতম মজুরি বাস্তবায়নকারী কারখানার সংখ্যা ৯৮ দশমিক ৮৬ শতাংশ। ঈদের আগে পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করার 'হীন উদ্দেশ্যেই' চার মাস আগের একটি 'অসত্য ও অসম্পূর্ণ' পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে পোশাক শিল্পের স্বার্থে এ শিল্প সম্পর্কে যে কোনো ধরনের 'বিভ্রান্তিকর তথ্য' প্রদান থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২২৫২ঘ.