ঢাকা, ডিসেম্বর ১৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মঙ্গলবার রানা (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। সন্ত্রাস মোকাবেলায় গঠিত বিশেষ বাহিনীটি বলছে রাজধানীর মধ্যবাড্ডায় র্যাব ও অস্ত্রধারীদের মধ্যে গুলি বিনিময়ের সময় পালিয়ে যাওয়া অস্ত্রধারীই এই রানা।
রোববার রাত ২টার দিকে ওই গুলিবিনিময়ের ঘটনার সময় কামাল (২৪) নামে একজন নিহত এবং আলবেরুনী সবুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় রানা পালিয়ে যায়।
এদিকে র্যাব বলছে ওই সন্ত্রাসীদের সঙ্গে কোনও ইসলামী জঙ্গীদলের সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি।
র্যাব ২ এর উপ অধিনায়ক মেজর মাসুদ করিম মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনার পর পালিয়ে যাওয়া সন্ত্রাসী রানাকে মঙ্গলবার দুপুরে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মেজর মাসুদ করিম বলেন, "তারা নিজেদের কখনো 'আল্লার দলের' সদস্য বলে দাবি করছে। আবার কখনো বলছে জঙ্গী দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই । তাদের এই কথাবার্তা সন্দেহজনক।"
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আবুল কালাম আজাদ মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃত আলবেরুনী সবুজ এবং গুলিতে নিহত কামালের ব্যাপারে প্রাথমিক অনুসন্ধানে তাদের সঙ্গে কোনো ইসলামী জঙ্গী দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আলবেরুনী র্যাবকে বলেছে, তারা অস্ত্রের ব্যবসা করতো। মাঝে মধ্যে অন্য সন্ত্রাসীদের অস্ত্র ভাড়া দিতো।
আলবেরুনীকে মঙ্গলবার দুপুরে র্যাব বাড্ডা থানায় সোপর্দ করেছে। অন্যদিকে রানাকে ঢাকায় র্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার গভীর রাতে রাজধানীর মধ্যবাড্ডায় র্যাবের সঙ্গে গুলিবিনিময়ে একটি মেসে অবস্থান করা এক অস্ত্রধারী নিহত এবং র্যাবের দুই সদস্য আহত হয়। র্যাবের দুই সদস্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১৫৫ঘ.
bdnews24