ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নিত্য প্রয়োজনীয় পণ্যের পর এবার রাজধানীবাসীর কাছে সহজে এবং কম দামে কোরবানীর গরু পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
রাজধানীতে ১০টি বিডিআর শপের মধ্যে ৮টিতে পরীক্ষামূলকভাবে চলতি বছর এবারই প্রথমবারের মতো কোরবানীর গরু বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিআর সদর দপ্তরের কর্মকর্তা লে.কর্র্নেল কামাল আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর ১০টি বিডিআর শপের মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ, আজিমপুর, শ্যামলী, শাহীনবাগ, মহাখালী, পল্লবী, দারুসসালাম এবং পিলখানার শপে গত রোববার থেকে কোরবানীর গরু বিক্রি শুরু হয়েছে। এর উদ্দেশ্য হলো বিকল্প একটি বাজার তৈরি করা যাতে ইচ্ছে মতো কেউ দাম বাড়াতে না পারে।
লে.কর্র্নেল কামাল আহম্মেদ বলেন, "আমরা যথাসম্ভব কম দামে সরাসরি মালিকদের কাছ থেকে গরু কিনছি। ইতিমধ্যে এরকম দুইশ' গরু কেনা হয়েছে। আর পরিবহন এবং কর্মচারীদের বেতন খরচ বাদ দিয়ে খুব সীমিত লাভে সাধারণ মানুষের কাছে তা বিক্রি করা হচ্ছে। আর এখানে ক্রেতাকে কোন খাজনা বা হাসিল দিতে হচ্ছে না। এছাড়া গরু বিক্রি করা হচ্ছে নির্দিষ্ট দামে। তবে এবারই প্রথমবার হওয়ায় অভিজ্ঞতার অভাবে হয়তবা কৃষকদের কাছ থেকে কেনার সময় আমাদের একটু বেশিই দাম পড়ছে। কিন্তু এরপরও রাজধানীর অন্যান্য হাটের তুলনায় বিডিআর শপে গরুর মূল্য অনেক কম।"
ক্রেতাদের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, " আমরা বেশ ভালোই সাড়া পেয়েছি। দুইশ'র মধ্যে ইতিমধ্যে ৫০টির মতো গরু বিক্রি হয়ে গেছে। তবে রাজধানীবাসী রাখার জায়গার অভাবে সাধারণত ঈদের এক বা দুইদিন আগে কোরবানীর পশু কিনে থাকে। এ কারণে ঈদের আগের দুইদিন বিক্রির পরিমাণ আরো অনেক বাড়বে বলে আশা করছি।"
বিডিআর শপগুলোতে গরুর সংখ্যা কম কেন জানতে চাইলে কামাল আহম্মেদ বলেন, "গরু এনে গাবতলীর কাছে বেড়িবাঁধে রাখা হচ্ছে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। কারণ আমরা দোকানের সামনে জায়গা পরিস্কার রাখতে চাচ্ছি।"
অপর এক প্রশ্নের জবাবে লে. কর্ণেল আহম্মেদ বলেন, "আগামী বছর থেকে আমরা নিজেরাই খামার চালু করার পরিকল্পনা করছি। উত্তরবঙ্গে অথবা চট্টগ্রাম অঞ্চলে এ খামার স্থাপন করা হতে পারে। খামার চালু হলে আগামী বছর থেকে আমরা আরো অনেক কম দামে ক্রেতাদের কাছে কোরবানীর পশু পৌঁছে দিতে পারবো।"
মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর বিডিআর শপে গিয়ে দেখা যায়, দোকানের সামনে বাঁশের আড়া বানিয়ে ১৫টির মতো গরু বেঁধে রাখা হয়েছে। আর প্রতিটি গরুর সামনে বাঁশে নির্দিষ্ট মূল্য সেঁটে রাখা হয়েছে।
এখানে গরু বিক্রির দায়িত্বে থাকা মেহেরপুরের গাংনী উপজেলার দিছারউদ্দিন জানান, জনৈক ইকরাম ব্যাপারীর পক্ষে গরু বিক্রি এবং দেখাশোনার জন্য তারা ৭/৮ জনের মতো এসেছেন। ইকরাম ব্যাপারী আবার বিডিআরের পক্ষে গরু কেনার দায়িত্ব পালন করছেন। মেহেরপুরের বিভিন্ন হাট থেকে এসব গরু কেনা হচ্ছে।
দিছারউদ্দিন জানান, গত রোববার সন্ধ্যা থেকে চালু করার পর এখন পর্যন্ত ১৫টি গরুর মধ্যে চারটি বিক্রি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দামের গরু বিক্রি হয়েছে ৫৩ হাজার টাকায়।
মানিকমিয়া অ্যাভিনিউয়ের এ দোকানে গরু কিনতে এসেছিলেন গার্মেন্টস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। কিন্তু ঘুরে দেখার পর গরু না কিনেই চলে যান তিনি। কারণ জানতে চাইলে তিনি বলেন, "গাড়িতে যাওয়ার সময় চোখে পড়ায় এখানে থেমেছিলাম। কিন্তু মাত্র ১০/১২টি গরু দেখলাম। এত অল্প গরুর মধ্যে পছন্দের গরু খুঁজে পাওয়া মুস্কিল। এছাড়া এখানে কোন বড় গরু নেই। এ কারণে শেষমেষ হয়তো হাট থেকেই গরু কিনতে হবে। "
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২১১৩ঘ.
bdnews24