ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জামিন দেয়ার ক্ষমতা হাইকোর্টের রয়েছে বলে দেয়া আদেশ মঙ্গলবার স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।
দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অ্যাডভোকেট সিগমা হুদা ও ব্যারিস্টার মীর হেলালকে জামিন দেয়ার বিরুদ্ধে সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি জয়নাল আবেদীনের অবকাশকালীন চেম্বার আদালত এ স্থগিতাদেশ দেয়।
এর মধ্য দিয়ে সিগমা হুদা ও মীর হেলালের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশও স্থগিত হয়েছে। এ বিষয়ে আগামী ৩ জানুয়ারি পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
আদালতে সরকারের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আনিসুল হক। অন্যদিকে সিগমা হুদার পক্ষে শুনানিতে অংশ নেন মাহবুবুর রহমান এবং মীর হেলালের পক্ষে ছিলেন খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।
গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট সাজাপ্রাপ্ত সিগমা হুদা ও মীর হেলালকে শর্ত সাপেক্ষে ৬ সপ্তাহের জামিন জামিন দেয়। শর্ত ছিল, তাদের জামিননামা দাখিলের সময় ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাসপোর্ট জমা দিতে হবে।
তখন হাইকোর্ট জানিয়েছিল, দুর্নীতির অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জামিন দেয়ার ক্ষমতা হাইকোর্টের রয়েছে।
জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩) বিধিতে বলা হয়েছে, দুর্নীতি সম্পর্কিত অপরাধের অভিযোগে দণ্ডাদেশপ্রাপ্ত কোনো ব্যক্তি এর বিরুদ্ধে আপিল করলে আপিল আদালত আপিল চলাকালীন সময়ে ওই দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেয়া কিংবা নিম্ন আদালতের রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত করতে পারবে না।
হাইকোর্টের রায়ে বলা হয়েছিলো, সাংবিধানিক আদালত হিসাবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জামিন দেয়ার ক্ষমতা হাইকোর্টের রয়েছে।
গত ২৭ আগস্ট একটি দুর্নীতির মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে ৭ বছর ও তার স্ত্রী সিগমা হুদাকে ৩ বছর কারাদণ্ড দিয়েছিল ঢাকার বিশেষ আদালত। গত ২২ মার্চ দুর্নীতি দমন কমিশন নাজমুল হুদা ও সিগমা হুদার বিরুদ্ধে ধানমন্ডি থানায় এ মামলাটি দায়ের করে।
মামলার অভিযোগে বলা হয়, খবরের অন্তরালে পত্রিকার সিগমা হুদার হিসাব নম্বরে ঠিকাদার মীর জাহিদ ব্যারিস্টার নাজমুল হুদার কথা অনুযায়ী ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ দেন।
অন্যদিকে সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত ৪ জুলাই ঢাকার বিশেষ আদালত সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরকে ১৩ বছর ও তার ছেলে মীর হেলালকে ৩ বছর কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এমএ/১৭৫৭ ঘ.
bdnews24