ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কোরবানীর পশুর চামড়া পরিবহনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর কয়েকটি এলাকায় ঈদের দু'দিন একমুখী যানবাহন চলাচলের নির্দেশ দিয়েছে।
সোমবার ডিএমপি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানবাহনের সুষ্ঠু চলাচলের স্বার্থে ঈদের দিন দুপুর ১২টা থেকে পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার লালবাগ ও হাজারীবাগ থানা এলাকার কয়েকটি সড়কে শুধু একমুখী যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আগত পশুর চামড়াবাহী যানবাহন গাবতলী থেকে বেড়ীবাঁধ হয়ে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে নবাবগঞ্জ রোড ও পিলখানা রোড হয়ে বটতলা ক্রসিং দিয়ে শেরে বাংলা রোড ধরে ট্যানারি শিল্প এলাকায় প্রবেশ করবে।
চট্টগ্রাম ও সিলেট জেলা থেকে আগত পশুর চামড়াবাহী যানবাহন পলাশী ক্রসিং-আজিমপুর ক্রসিং-সাইন্স ল্যাবরেটরি ক্রসিং-জিগাতলা-সাতমসজিদ রোড ধরে ট্যানারি শিল্প এলাকায় প্রবেশ করবে।
ট্যানারি শিল্প এলাকায় আসা যানবাহন মালামাল খালাস করে কালুনগর রোড অথবা রায়েরবাজার টালি অফিস সংলগ্ন রাস্তা দিয়ে বেড়িবাঁধ হয়ে গন্তব্যে যাবে।
পোস্তা এলাকার 'চামড়া মার্কেট' গামী যানবাহন ঢাকেশ্বরী রোড দিয়ে লালবাগ চৌরাস্তা হয়ে শায়েস্তাখান রোড ধরে প্রবেশ করবে। আজিমপুর রোড ধরে আসা যানবাহন গোরাশহীদ মাজার ক্রসিং থেকে ঢাকেশ্বরী রোড হয়ে পোস্তা এলাকায় প্রবেশ করবে।
পোস্তা এলাকার চামড়া মার্কেট থেকে বহির্গামী যানবাহন ওয়াটার ওয়ার্কাস রোড ধরে চকবাজার ক্রসিং ও জেলখানার পাশ দিয়ে নাজিমুদ্দিন রোড হয়ে চাঁনখারপুল ক্রসিং দিয়ে বেরিয়ে আসবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে এ ব্যাপারে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৮৪০ঘ.
bdnews24