২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে শ্রদ্ধা ভালবাসায় বিজয় দিবস উদযাপন

সারাদেশে যথাযোগ্য মর্যাদা, আনুষ্ঠানিকতা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয়ের ৩৬তম বার্ষিকীতে সারাদেশের জেলা প্রশাসনের পক্ষ থেকে তোপধ্বনি, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারাদেশে যথাযোগ্য মর্যাদা, আনুষ্ঠানিকতা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয়ের ৩৬তম বার্ষিকীতে সারাদেশের জেলা প্রশাসনের পক্ষ থেকে তোপধ্বনি, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন জেলার সিনেমা হল ও মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী, বিজয় মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন ছিল। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়। দিবসটি উপলক্ষে হাসপাতাল, সরকারি এতিমখানা, কারাগারে উন্নতমানের খাবার দেয়া হয়। খুলনা: স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে ছিল গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ ও আলোচনা সভা। দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নগরীর গল্লামারী বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশন এর পক্ষে ভারপ্রাপ্ত মেয়র মোঃ মনিরুজ্জামান শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রেসক্লাব, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা সাংবাদিক ইউনিয়ন, আওয়ামী লীগ মহানগর ও জেলা এবং বিএনপি মহানগর ও জেলার নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টি, নাগরিক ফোরাম, বাসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচীসহ বিভিন্ন সংগঠন স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিকালে শহীদ হাদিস পার্কে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিচিত্রানুষ্ঠানের আয়োজন করে। সরকারি হাসপাতাল ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে স্থানীয় ফারুকী পার্কে বিজয় দিবসের অনুষ্ঠান মালার সূচনা হয়। পরে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বাগেরহাট: বিজয় দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতি স্তম্ভে মাল্যদান, স্টেডিয়ামে মার্চপাস্ট ও শরীর চর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, সরকারি এতিমখানা ও কারাগারে উন্নত খাদ্য পরিবেশন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্লাড' দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্র"প নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে। বিকালে বাগেরহাট ফিল্ম সোসাইটির উদ্যোগে শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র 'জয়যাত্রা' প্রদর্শন করা হয়। বরিশাল: বরিশাল বঙ্গবন্ধূ উদ্যানে (বেলস পার্ক ) সকাল সাড়ে ৮ টায় কুচকাওয়াজের মধ্য দিয়ে বিজয় উৎসব শুরু হয়। আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। ত্রিশ গোটাউন সংলগ্ন বধ্য ভূমিতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংগঠন সকাল ৯ টায় পুষ্পমাল্য অর্পণ করে। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মুহম্মদ হারুন চৌধুরী, বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মুহম্মদ আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো. মঞ্জুর-ই-এলাহী, বরিশাল মেট্রো পলিটন পুলিশ কমিশনার খান সাঈদ হাসান, পুলিশ সুপার তওফিক মাহবুব চেীধুরী প্রমুখ। ঝালকাঠি: ঘূর্ণিঝড় সিডর এর কারণে জেলা প্রশাসনের উদ্যোগে সীমিত কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয়। স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ ছাড়া আর কোনো কর্মসূচি পালন করেনি। জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে সকাল ৭টায় পুষ্পস্তবক অর্পণ, পুরাতন স্টেডিয়ামে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও সংবর্ধনা, হাসপাতাল ও কারাগার ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও চলচ্চিত্র প্রদর্শনী। পঞ্চগড়: বিজয় দিবসের শুরুতে রাত ১২টা এক মিনিটে তোপধ্বনির পর জেলা প্রশাসন, পুুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদসহ বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পঞ্চগড় স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা প্রশাসক মো. হাফিজ উদ্দিন দিবসের বিভিন্ন কর্মসুচির সূচনা করেন। একই স্থানে পুলিশ, বিএনসিসি, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। রাজশাহী: দিবসের প্রথম প্রহরে নগরীর ভূবন মোহন পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র রেজাউন-নবী দুদু। এরপর ওয়ার্কাস পার্টি, কমিউনিস্ট পার্টি, বাম গণতান্ত্রিক মোর্চা, রাজশাহী সিটি করপোরেশন কর্মচারি ইউনিয়ন, মেট্রোপলিটন প্রেস ক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাসদ, উদীচী জেলা সংসদ, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনে কর্মরত মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারিরা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষে আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচিত্র প্রদর্শনী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। ১২টা এক মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও প্রভাত ফেরির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার সমিতি ও অন্যান্য সংগঠন। অফিসার সমিতির কার্যালয়ে আলোচনা সভা, শহীদ স্মৃতি সংগ্রহশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাবাস বাংলাদেশ চত্বরে বিএনসিসি'র মার্চ পাস্ট অনুষ্ঠিত হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআনখানি ও মিলাদ এবং বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল সাতটা থেকে বিকেল চারটা এবং বরেন্দ্র গবেষণা যাদুঘর সাকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এছাড়া রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী কলেজ শিক্ষক পরিষদ, রাজশাহী কলেজ ছাত্রী নিবাস, এশিয়ান ইউনিভার্সিটি, বিএনপি জেলা ও মহানগর শাখা, মুক্তিযোদ্ধা মঞ্চ, টিআইবি, সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী প্রেস ক্লাব, ব্যবসায়ি ঐক্য পরিষদ, সড়ক পরিবহন গ্র"প, বরেন্দ্র রোটার‌্যাক্ট ক্লাবসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন। রাজশাহী মেডিকেল কলেজ শহীদ মিনারে মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, আবাসিক হোস্টেল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পটুয়াখালী: সকাল সাড়ে ৬ টায় জেলা প্রশাসক এ. জি. এম. মীর মশিউর আলম ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু রায়হান মোহাম্মদ সালেহ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল পটুয়াখালী স্টেডিয়ামে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে, জেলা প্রশাসক দরবার হলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা। নড়াইল: সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ আপামর জনতা। সকাল ৮টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার ও স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মো. আব্দুল কাইউম সরদার। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মস্থান মহিষখোলার পার্শ্ববতী ফেদী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর আয়োজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাটোর: জেলা প্রশাসনের উদ্যোগে আধুনিক স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান কুচকাওয়াজ প্রদর্শন করে। এর আগে শহীদ মুক্তিযোদ্ধাদের মাজারে ফাতেহা পাঠ, দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে নারী ও পুরুষের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভোলা: সকালে জেলা স্কুলের শহীদ মিনারে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। জেলা স্টেডিয়ামের পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। চাঁদপুর: রাত ১২টা এক মিনিটে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন ভাস্কর্য অঙ্গীকার এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, বিজয় মেলার আয়োজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। লক্ষ্মীপুর: ভোর ৬টায় বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক। এরপর প্রশাসনের বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদ স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়। নরসিংদী: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সর্বত্র সরকারি বেসরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক জিল্লার রহমান ও পুলিশ সুপার সাহাবুদ্দিন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও যুদ্ধাহত ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। জামালপুর: শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জামালপুরে মহান বিজয় দিবসের সূচনা হয়। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি একে একে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, জামালপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। 'হঠাও রাজাকার, বাঁচাও দেশ' এই স্লোগানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় '৭১ এর চেতনায় মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ'। এছাড়াও স্থানীয় স্টেডিয়ামে জেলা প্রশাসক আব্দুল হক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজ ও মার্চপাস্ট পরিদর্শন করেন। সকালে জামালপুর স্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান, নিরালা ও সুরভী সিনেমা হলে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরগুনা: জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আইনজীবী সমিতি, উদীচী, খেলাঘর, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বরগুনা গণকবরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্প স্তবক অর্পণ করা হয়। জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ শেষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। নীলফামারী: রাত ১২টা এক মিনিটে স্থানীয় 'স্বাধীনতা অম্লান' স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ-বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পুষ্পস্তবকের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সকালে জেলা স্টেডিয়াম গ্রাউন্ডে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক খন্দকার মোখলেসুর রহমান ও পুলিশ সুপার আব্দুল কুদ্দুস আমিন। পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শারীরিক কসরতের মাধ্যমে মার্চ পাস্টে অংশ নেয়। এছাড়া সাতক্ষীরা, নওগাঁ ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০১০ ঘ.