ঢাকা,১৬ডিসেম্বর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--"আপনি মুক্তিবাহিনীর কমান্ডার, আপনিই আগে যাবেন, আমি আপনার পেছনে যাব"।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিবাহিনীর কমান্ডার ও বিমান বাহিনীর প্রধান একে খন্দকার তুলে ধরলেন ভারতীয় মিত্রবাহিনীর লে. জেনারেল জগজিৎ সিং অরোরার এই বক্তব্য।
এক একান্ত সাক্ষাৎকারে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে একে খন্দকার বলেন, "১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, বিকেল ৪টা ৩১ মিনিট' সময়টি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সময়। এসময় জন্ম হয় স্বাধীন বাংলাদেশের"।
এর আগে পাকিস্তানের হানাদার বাহিনী পরাজয় মেনে নিয়ে ঢাকায় মিত্র বাহিনীর কাছে আত্মসর্মপণ করে। তৎকালীন ঢাকার ঐতিহাসিক রেসকোর্স (এখনকার সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে আত্মসমর্পণের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর পক্ষে পরাজিত লে. জেনারেল এ এ কে নিয়াজী এবং মিত্র বাহিনীর পক্ষে ভারতীয় লে. জেনারেল জগজিৎ সিং অরোরা ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেন। এসময় মুজিবনগর সরকারের পক্ষে মুক্তিবাহিনীর দ্বিতীয় প্রধান হিসেবে বিমান বাহিনীর তৎকালীন গ্র"প ক্যাপ্টেন (পরে বিমান বাহিনী প্রধান) এ কে খন্দকার উপস্থিত ছিলেন।
দিনটির স্মৃতিচারণ করে মুক্তিবাহিনীর কমান্ডার বলেন, "১৬ ডিসেম্বর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বললেন ঢাকায় পাক বাহিনী আত্মসমর্পণ করার সময় সেখানে আমাকে উপস্থিত থাকতে হবে। ঢাকায় আসার জন্য এক কাপড়ে কলকাতার দমদম বিমান বন্দরে আসার পর দেখি সেখানে হেলিকপ্টার তৈরি, সবাই বসে আছেন। আমি বিমান বন্দরে যাওয়ার পর ভারতীয় সেনা বাহিনীর লে. জেনারেল জগজিৎ সিং অরোরা গাড়ি নিয়ে সেখানে এলেন। তখন আমি বিমান বাহিনীর গ্র"প ক্যাপ্টেন, লে.জে.অরোরা আমার সিনিয়র তাই আমি তাকে আগে হেলিকপ্টারে উঠতে দেওয়ার জন্য সিঁড়ির পাশে দাঁড়ালাম। কিন্তু অরোরা আমার কাঁধে হাত রেখে বললেন আপনি মুক্তিবাহিনীর কমান্ডার, আপনিই আগে যাবেন, আমি আপনার পেছনে যাব। এরপর আমরা একসঙ্গে ঢাকায় আসি। গাড়িতে করে রেসকোর্স ময়দানের দিকে আসার সময় মুক্তিকামী হাজার হাজার মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখি।"
এ কে খন্দকার বলেন, রেসকোর্সের ময়দানে আত্মসমর্পণের অনুষ্ঠানটি হয়েছে মাত্র ৫ মিনিটের। অনুষ্ঠান ততো সুশৃংখলভাবে হয়নি। কারণ ময়দানে হাজার হাজার মানুষ ছিল। আত্মসমর্পণের সময় পাকবাহিনীর সদস্যরা লাইন করে দাঁড়িয়ে নিজেদের অস্ত্র মাটিতে নামিয়ে রাখে। এরপর বিকেল ৪টা ৩১ মিনিটে আত্মসমর্পণের ঐতিহাসিক দলিল স্বাক্ষর হয়।
জনাব খন্দকার বলেন, আত্মসমর্পণের পরপরই আমরা যে কাজটি করি তা হলো পাক বাহিনীর সদস্যদের নিরাপদে রেসকোর্স ময়দান থেকে বাইরে পাঠিয়ে দেয়া। এ কাজটি মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনীর সদস্যরা মিলেই করে।
সে সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ওসমানীকে না পাঠিয়ে আপনাকে কেন পাঠানো হলো এ প্রশ্নের জবাবে এ কে খন্দকার বলেন,"আমার যতটা মনে পড়ে ১৩ বা ১৪ ডিসেম্বর, ওসমানী আমাকে বললেন, তিনি সিলেটের দিকেࠠযাবেন। ঐ এলাকা মুক্ত হয়েছে, সেখানে তিনি তার নিজের লোকজনের সঙ্গে থাকবেন। ওসমানীর কথা শুনে তাকে আমি বলেছিলাম যুদ্ধের ফ্রন্টলাইন দ্রুত পরিবর্তন হচ্ছে। এসময় সেখানে যাওয়া ঠিক হবে কিনা? কিন্ত দৃঢচেতা ওসমানী তার সিদ্ধান্তে অটল ছিলেন। যে কারণে ১৬ ডিসেম্বর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।"
জনাব খন্দকার বলেন, পরে বিষয়টি আমি নিজে মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে জিজ্ঞাসা করেছিলাম, ওসমানী সাহেবকে বাদ দিয়ে আমাকে কেন আত্মসমর্পণের দিন ঢাকায় পাঠানো হলো। তাজউদ্দীন আহমদও জবাব দিয়েছিলেন যে ওসমানীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় মুক্তিবাহিনীর দ্বিতীয় ব্যক্তি হিসেবে আমাকে পাঠানো হয়েছিল। এর সঙ্গে কোন ষড়যন্ত্র ছিল না।
পাকিস্তানী হানাদার বাহিনীর মোট ৯১ হাজার ৫৪৯ জন সদস্য ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে। এর মধ্যে নিয়মিত সামরিক বাহিনীর ১ হাজার ৬০৬ জন অফিসার, ২ হাজার ৩৪৫ জন জেসিও, ৬৪ হাজার ১০৯ জন জোয়ান এবং ১ হাজার ২২ জন নন-কমব্যাট, আধাসামরিক বাহিনীর ৭৯ জন অফিসার, ৪শ' ৪৮ জন জেসিও, ১১ হাজার ৬৬৫ জন জোয়ান, নৌবাহিনীর ৯১ জন অফিসার, পেটি অফিসার ৩০ জন , নৌ সেনা ১ হাজার ২৯২ জন, বিমান বাহিনীর ৬১ জন অফিসার, ওয়ারেন্ট অফিসার ৩১ জন, এয়ারম্যান ১ হাজার ৪৯ জন সশস্ত্র পুলিশ এবং বেসামরিক অফিসার ও ব্যক্তি ৭ হাজার ৭২১ জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমকে/এসকে/১৭০৯ঘ.
bdnews24