২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চট্টগ্রামে মুক্তিযুদ্ধ জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে রোববার। বিজয় দিবসে দুজন মুক্তিযোদ্ধার স্মৃতি স্মারক গ্রহণের মাধ্যমে দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 11:02 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মুক্তিযুদ্ধ জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে রোববার। বিজয় দিবসে দুজন মুক্তিযোদ্ধার স্মৃতি স্মারক গ্রহণের মাধ্যমে দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন হয়। নগরীর একটি কমিউনিটি সেন্টারে দুইজন মুক্তিযোদ্ধার কাছ থেকে স্মারক গ্রহণ করেন জাদুঘরের অন্যতম ট্রাস্টি ও শহীদ জায়া বেগম মুশতারী শফী। মুক্তিযুদ্ধের অন্যতম নৌ কমান্ডো ফারুক-ই-আজম বীর প্রতীক একাত্তর সালে চট্টগ্রাম বন্দরে 'অপারেশন জ্যাকপটে' ব্যবহৃত কমান্ডোদের একজোড়া 'ফিনস' এবং ফটিকছড়িতে গুলিবিদ্ধ একজন যোদ্ধার গেঞ্জি ট্রাস্টিদের কাছে হস্তান্তর করেন। চট্টগ্রামে মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তোলার উদ্যোগ নেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাগরিকরা। প্রথম দিকে মুক্তিযুদ্ধের স্মারকসমূহ ট্রাস্টিদের কাছে সংরক্ষণ করা হবে। পরে একটি স্থায়ী অবকাঠামো তৈরি করে সেখানে গড়ে তোলা হবে এ জাদুঘর। এজন্য সরকারের কাছে জায়গা চেয়ে আবেদন করেছেন ট্রাস্টিরা। জাদুঘর উদ্বোধনের আগে শহীদ জায়া বেগম মুশতারী শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জাদুঘরের ট্রাস্টি নুরুল ইসলাম, কবি ও সাংবাদিক আবুল মোমেন, চবির সাবেক কিউরেটর শামসুল হোসাইন, ডা. মাহফুজুর রহমান, ফারুক-ই-আজম বীর প্রতীক প্রমুখ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চবির সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন। বক্তারা বলেন, প্রান্তিক জনগণকে সচেতন করা ও মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ উপাদান সংগ্রহের জন্যই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হচ্ছে। তারা বলেন, চট্টগ্রামে মুক্তিযুদ্ধকালীন অনেক স্মৃতিচিহ্ন রয়েছে। এসব স্মৃতিচিহ্ন আজ হারিয়ে যেতে বসেছে। অনেক আগেই একটি জাদুঘর প্রতিষ্ঠা করা দরকার ছিল। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে এখনো পর্য়ন্ত দেশে সরকারিভাবে কোন জাদুঘর প্রতিষ্ঠা করা হয়নি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এবং ইতিহাস সচেতন করে তুলতে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রয়োজনীয়তা অনেক। মুক্তিযুদ্ধের প্রকৃত উপাদান সংরক্ষিত হলে ইতিহাস নিয়ে আর বিভ্রান্তি থাকবে না বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এর আগে সকালে নগরীর এমএম আলী রোডে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রজন্ম একাত্তর মানববন্ধন কর্মসূচি পালন করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/