ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ, বগুড়া ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
বিস্তারিত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: শনিবার রাত ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাজারের কাছে মংমনসিংহগামী সরকার পরিবহনের যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি 'নাসিমন'কে ধাক্কা দিলে নসিমনটি চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাসিমনের দুই যাত্রী নিহত হয় এবং আহত হয় আরো অন্তত পাঁচ জন। আহতদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করার পর আরো দুই জন মারা যায়।
হাতিকুমরুল হাইওয়ে পুলিশ স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. তোজাম্মেল হোসাইন হতা-হতের খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, সামসু (৩০), পনির (২৯), মো. আব্দুল আজিজ (৪০) ও হারেজ আলী (২৫)।
বগুড়া: দুপচাঁচিয়া উপজেলায় রোববার সকালে একটি বাস খাদে পড়ে গেলে দুজন নিহত হয়। এদের একজনের নাম সিদ্দিক (৩৫); অপর জনের পরিচয় মেলেনি। দুর্ঘটনায় ১৫জন আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে।
চলন্ত অবস্থায় বাসের চাকা খুলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব।
শেরপুর: শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার তেঘরিতে সকাল সাড়ে ১০টার দিকে শ্যালোচালিত ভটভটির সঙ্গে পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মন্তাজ আলী (২৮), শামীম (১৮) ও ছয়ফুল (২৪) নামের তিন ব্যক্তি মারা যায়। গুরুতর আহত হয় আরো দুইজন। তাদের ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন শিকদার জানান, নিহতদের তিনজনই ব্যবসায়ী। তারা ভটভটিতে করে গৌরদ্বার থেকে ময়মনসিংহের ফুলহর যাচ্ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪২৫ ঘ.
bdnews24