বাগেরহাট, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার ঠিক এক মাসের মাথায় শনিবার দুপুরে বাগেরহাটের শরণখোলায় সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।
কয়েক দিনের মধ্যে শরণখোলায় পুরোপুরিভাবে বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে জানিয়েছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
সমিতির মহাব্যবস্থাপক সবুজ কান্তি আচার্য্য জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে শরণখোলা উপজেলা কমপ্লেক্সে বিদ্যুৎ দেয়া হয়।
তিনি বলেন, শনিবারের মধ্যে শরণখোলা থানা, টেলিফোন অফিস ও সার্কিট হাউজে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। রোববার রায়েন্দা বাজার ও ওই এলাকার বলেশ্বর নদীর তীরে অবস্থিত বিভিন্ন কল কারখানায় সংযোগ দেয়ার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, যে কোন ঝুঁকি এড়াতে ফেজ টু ফেজ লাইন চেক করে সংযোগ দেয়ার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।
পানগুছি নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পিরোজপুর থেকে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলায় মূল লাইনে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
১৫ নভেম্বর ঝড়ে গাছ পড়ে তার ছিড়ে এবং টাওয়ার ও খুঁটি উপড়ে বাগেরহাট জেলার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রণাধীন জেলার সাতটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ এখনও চলছে।
পানগুছি নদী অতিক্রমকারী তার পরিবাহী একটি টাওয়ার ভেঙে পড়ায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মোরেলগঞ্জ ও শরণখোলায় বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়টি সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়।
এই অবস্থায় ১৫ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত মোরেলগঞ্জ পৌরসভাসহ পানগুছি নদীর উত্তর পাড়ের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে।
৮ ডিসেম্বর পানগুছি নদীর তলদেশে ফেলা হয় সাবমেরিন ক্যাবল। ১১ ডিসেম্বর প্রথম সীমিত পরিসরে বিদ্যুৎ পৌছায় মোরেলগঞ্জ বাজার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ প্রধান কয়েকটি প্রশাসনিক এলাকায়। সেখান থেকে লাইন টানা হয় শরণখোলা উপজেলা সদরে।
তবে মোরেলগঞ্জের বারুইখালী থেকে শরণখোলা বাসস্ট্যাণ্ড হয়ে বলেশ্বর ও ভোলা নদীর তীরবর্তী এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ পৌঁছাতে আরও সময় লাগবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৫ ঘ.
bdnews24