চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার সংগ্রহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ভিত্তিক সংগঠন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র। সারাদেশের মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার ধারণ করে সেগুলো ডিজিটাল ফরম্যাটে আর্কাইভে সংরক্ষণ করা হবে।
আগামী রোববার বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে 'একজন মুক্তিযোদ্ধার আত্মকথন' শীর্ষক এ সাক্ষাতকার সংগ্রহের কাজ শুরু হবে।
শুক্রবার বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম পর্যায়ে চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহের মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার নেয়া হবে। পরে দেশের অন্যান্য এলাকার মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার সংগ্রহ করা হবে।
তিনি জানান, এ বিষয়ে শনিবার বিকালে চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের নিয়ে চিটাগাং প্রেসক্লাবে সভা হবে। এতে দুটি ঘোষণাসহ পুরো উদ্যোগটি মুক্তিযোদ্ধাদের কাছে তুলে ধরবেন তারা।
ডা. মাহফুজ বলেন, "মুক্তিযোদ্ধাদের ইতিহাস হারিয়ে যেতে বসেছে। বিকৃত হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা ও মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা। ইতিহাস বিকৃতি রোধ ও ভবিষ্যতে গবেষকরা যাতে মুক্তিযোদ্ধাদের নিজের মুখে বলা বিভিন্ন অপারেশনসহ সব বিষয়ে তথ্য উপাত্ত পেতে পারেন সে জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।"
তিনি জানান, সাক্ষাতকারে একজন মুক্তিযোদ্ধার যুদ্ধে যোগদানের সময় থেকে যুদ্ধ শেষ পর্যন্ত বিভিন্ন ঘটনাপ্রবাহ বিস্তারিতভাবে ধারণ করা হবে। এতে একজন মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধে যোগদানের উদ্দেশ্য, সে সময়ের পরিস্থিতি, যুদ্ধ শুরুর আগের গণ আন্দোলন, দেশের পরিস্থিতি বিশেষ করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রসঙ্গও তুলে ধরার উদ্যোগ নেয়া হবে।
তিনি জানান, যুদ্ধের ঘটনাপ্রবাহ ও সে সময়কার পরিস্থিতি বর্ণনায় একজন মুক্তিযোদ্ধার পূর্ণ স্বাধীনতা থাকবে।
ধারণ করা এসব সাক্ষাতকার ডিভিডি হিসাবে সংরক্ষণ করা হবে। এক কপি দেয়া হবে সাক্ষাতকারদাতা মুক্তিযোদ্ধাকে। এক কপি থাকবে আর্কাইভে। গবেষকদের ব্যবহারের জন্য আর্কাইভ উন্মুক্ত থাকবে। তবে এসব বিক্রি করা হবে না।
এ উদ্যোগ নেয়ার কারণ বর্ণনা করে ডা. মাহফুজ বলেন, "দলীয় পরিচয়ের আড়ালে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পরিচয় ও ইতিহাস গুলিয়ে গেছে। ইতিহাস লেখক ও গবেষকেরা প্রকাশক কিংবা প্রতিষ্ঠানের ইচ্ছা মাফিক কাজ করার কারণেও প্রকৃত ইতিহাস অনেকখানি আড়ালে থেকে গেছে। সে দৈন্যতা ঘোচাতে এবং ভবিষ্যত গবেষক ও ইতিহাসবিদদের সাহাযার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24