চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মীরসরাই উপজেলার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে শুক্রবার দুপুরে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন মারা গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন অটো রিকশা চালক ও দুই যাত্রী। অটোরিকশা চালক ফারুক (৩০) ঘটনাস্থলেই মারা যান। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দুই যাত্রী আনুমানিক ৬০ বছর বয়েসী মহিলা ও ১০ বছর বয়েসী শিশুর পরিচয়ও পাওয়া যায়নি।
মীরসরাই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে বারটার দিকে খৈয়াছড়া ফকির টোলা সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটো রিকশা চালক ফারুক মারা যান।
তিনি জানান, অজ্ঞাত পরিচয় মহিলা ও শিশুটিকে স্থানীয় মস্তাননগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৮২৪ ঘ.
bdnews24