ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবিরোধী যুদ্ধে সক্ষমতা বাড়াতে বাংলাদেশের আরো ১৩ পুলিশ সদস্য যুক্তরাষ্ট্রের বিশেষ প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের সনদও দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সন্ত্রাস প্রতিরোধ এবং রাষ্ট্রনেতাদের সুরক্ষায় দক্ষতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র সরকারের সন্ত্রাসবাদবিরোধী কর্মসূচির আওতায় বাংলাদেশী পুলিশ সদস্যদের এ প্রশিক্ষণ দেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ কর্মসূচি প্রণয়ণের কাজ করছে। কর্মসূচির আওতায় গত সাত বছরে ৭০০ বাংলাদেশী পুলিশ সদস্য প্রশিক্ষণ নিয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এ ধরনের প্রশিক্ষণের ফল বাংলাদেশে খুব দ্রুতই পাওয়া গেছে। এর ফলে পুলিশ বাহিনী বেশ কয়েকটি ক্ষেত্রে দ্রুত তদন্ত কাজ শেষ করে অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে মানবাধিকার রক্ষায় বিষয়টিতেও গুরুত্ব দেয়া হয় বলে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির আওতায় ইতোমধ্যে বাংলাদেশকে অস্ত্রসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা উপকরণ সরবরাহ করা হয়েছে।
সমন্বিত এ কার্যক্রমের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একযোগে বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধ এগিয়ে নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/এমএ/১৭৫১ঘ.
bdnews24