২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে গতি নিয়ন্ত্রক সিল লাগানোর নির্দেশ কেন দেওয়া হবে না- হাইকোর্টের রুল

সড়ক দুর্ঘটনা রোধে বাস ও ট্রাকসহ সব ধরনের গাড়িতে কেন স্পিড গভার্নিং সিল (গতি নিয়ন্ত্রক সিল) লাগানোর নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সড়ক দুর্ঘটনা রোধে বাস ও ট্রাকসহ সব ধরনের গাড়িতে কেন স্পিড গভার্নিং সিল (গতি নিয়ন্ত্রক সিল) লাগানোর নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। সরকারের স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও পুুলিশের মহাপরিদর্শককে ৬ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলেছে আদালত। গত ১২ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে সড়ক দুর্ঘটনায় এক কিশোরীর মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চ বৃহষ্পতিবার স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এই আদেশ দেন। গত ১১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি এলকায় ওই সড়ক দুর্ঘটনায় সিটি কলেজের এক ছাত্রীর মৃত্যু। হাইকোর্ট রুলটির নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী ও অ্যাডভোকেট মনজিল মোরসেদকে আদালতের সহায়তাকারী মনোনীত করেছে। অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "ঈদের ছুটির আগে ও পরে দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। অনিয়ন্ত্রিত ও বেপরোয়া গাড়ি চালনার কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। গতি নিয়ন্ত্রণ সিলের ব্যবস্থা থাকলে যে গাড়িতে যত গতির সিল থাকবে তার চেয়ে বেশি গতিতে গাড়িটি চালানো যাবে না।" তিনি আরো বলেন, হাইকোর্টের এই স্বপ্রণোদিত রুলের কারণে সরকারের টনক নড়বে। সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ও সতর্ক হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে আশা করা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৭২৩ ঘ.