পিরোজপুর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণসামগ্রী অবৈধভাবে নিজের দখলে রেখে দেওয়ার অভিযোগে মঠবাড়িয়া পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কমিশনার মরিয়ম আক্তার সুরমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ত্রাণসামগ্রীসহ তাকে নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, গ্রেপ্তারের সময় সুরমার দক্ষিণ বন্দরের বাসা থেকে ৪৫ কেজি চাল, নয় প্যাকেট মোমবাতি, ছয় কেজি খেজুর, লবণ, ম্যাচ, ২১ বোতল পানি, পাঁচ কেজি চিড়া দুই কেজি ছোলা, ১০ কেজি ডাল, গুঁড়ো দুধ, ১২ পিস হাড়ি পাতিল ও সাত বোতল সয়াবিন তেল জব্দ করা হয়।
থানা সূত্র জানায়, ত্রাণের এসব মালামাল কমিশনার সুরমার বাড়িতে অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে পুলিশ তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেছে।
এর আগে বৃহস্পতিবার জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের সদস্য ইদ্রিস আলী হাওলাদারসহ তিন জনকে ত্রাণের মালামালসহ গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩২ ঘ.
bdnews24