ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভালোবাসা, শোক আর শ্রদ্ধায় অবনত বাংলাদেশ স্মরণ করেছে ১৯৭১ সালে বিজয়ের আগের মুহূর্তে আল বদর বাহিনীর হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের।
শুক্রবার সকাল ৬টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও সকাল ৭টা ১২ মিনিটে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন শুরু হয়। সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল সে সময় শহীদদের প্রতি 'সশস্ত্র সালাম' দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় সরকারের ৭ উপদেষ্টা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পরই স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকী। এরপর যুদ্ধাহত ৬ জন মুক্তিযোদ্ধা হুইল চেয়ারে এসে স্মৃতিসৌধের নিচে পুস্পস্তক অর্পণ করে তাদের ভালোবাসা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিনের নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও ঢাকার মেয়রের পক্ষে কমিশনার আনোয়ার হোসেনের নেতৃত্বে কর্মকর্তারা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রীয় অনুষ্ঠানের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়। নামে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ঢল। সকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির দুই অংশ সকাল ৯টার পরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে। প্রথমে দলের স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, নাজির হোসেন,আবদুস সালাম পিন্টু, জহিরউদ্দিন স্বপন,মফিকুল হাসান তৃপ্তি ও ১০টায় খালেদা জিয়ার মনোনীত খোন্দকার দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম খান, মোহাম্মদ শাহজাহান, শিরিন সুলতানা, রিজভী আহমেদের নেতৃত্বে দুই অংশের নেতা-কর্মীরা ফুল দেন। এছাড়া গণফোরামে চেয়ারম্যান ড. কামাল হোসেন, জাতীয় পাটির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পাটির সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ইউনিটি ফর পলিটিক্যাল রিফমর্স'র চেয়ারম্যান আ স ম আবদুর রব ছাড়াও জাসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল প্রভৃতি সংগঠন সারিবদ্ধভাবে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে।
এরপর শুরু হয় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ। মিরপুরের শহীদ বুদ্ধিবীবীদের কবর এবং রায়েরবাজারে বুদ্ধিজীবীদের স্মৃতিবিজড়িত বধ্যভূমি চলে যায় সাধারণের দখলে।
বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আসা সাধারণ অনেককেই স্মৃতিসৌধের পাশেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবরেও ফুল দিতে দেখা গেছে। এ সময় একজন গৃহিনী ফাতেমা বেগম সাংবাদিকদের বলেন,''আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই। কেনো তাদের বিচার করতে সরকার আগ্রহী নয়। দেশের বুদ্ধিজীবীদের যারা নির্মমভাবে হত্যা করেছে,তারা আজো এদেশে ঘুরে বেড়াচ্ছে।''
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ পৃথক বাণী দিয়েছেন।
বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উৎযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধূর প্রতিকৃতিতে ফুল দিয়েছেন।
এছাড়া সংগঠনের লালবাগ থানা সংসদের উদ্যোগে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোকচিত্র, পোস্টার, পেপারকাটিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/এমএইচবি/০১২২ ঘ.
bdnews24