ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাংগস ভবন ভেঙে পড়ার ৫ দিন পর সেখান থেকে বৃহস্পতিবার চারটি লাশ বের করে উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে ভেঙে পরার রাতে ভবনের ভেতর থাকা একজন শ্রমিক দাবি করেছেন, তাদের সাত সঙ্গী এখনো নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা একটি কোম্পানির একজন কর্মীও নিখোঁজ রয়েছেন বলে তার চাচাতো ভাই জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করার সময় দমকলের পরিচালক (প্রশাসন ও অর্থ) মেজর আসাদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের দুই প্রতিবেদকের সামনে প্রথমে বলেন "আমরা চারটি লাশ উদ্ধার করেছি। আরও দুইটি লাশ দৃশ্যমান আছে। কিন্তু রাত হয়ে যাওয়া এবং পর্যাপ্ত আলোর অভাবে ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।"
কিন্তু সঙ্গে সঙ্গে তার পাশে থাকা দমকলের আরেক পরিচালক (অপারেশন) মেজর শেখ মো. শাহজালাল তার কানের কাছে মুখ নিয়ে কিছু বলেন এবং একটি বেসরকারি টিভির ক্রুকে আগের রেকর্ড মুছে পুনরায় শুরুর অনুরোধ জানান।
তার পরামর্শ শুনে মেজর আসাদুল হক আগের বক্তব্য "আরও দুটি লাশ দৃশ্যমান আছে" সংশোধন করে বলেন, "ধ্বংসস্তুপের মধ্যে আরও দুটি লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।"
তিনি বলেন, "ধ্বংসস্তুপ পরিস্কার করার সময় কোনও লাশ দেখতে পেয়ে রাজউক আমাদের ডাকলে আবার উদ্ধার কাজ চালানো হবে।"
তবে দুর্ঘটনার আহত শ্রমিক আতিয়ার রহমান জানান, ওই রাতে তাদের মধ্যে থেকে দশ জন নিখোঁজ হন। তিনি ১০ জনেরই নাম জানান। এর মধ্যে বৃহস্পতিবার তিনজনের লাশ উদ্ধার হয়। বাকি সাতজন হলেন, রুহুল (৬০), ফরিদ (৩০), জিলু (২৫), কাইজার (২৭), ফরিদ (২৭), মান্নান (৩০), রহিম (২৫)।
বৃহস্পতিবার দুপুরে র্যাংগস ভবনের পাশে দাঁড়িয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার রাতে আমরা ১৬ জন একসঙ্গে ছিলাম। এরমধ্যে ১০ জনকে আমরা এখনো পাইনি।"
তিনি বলেন, "আমাদের সবার বাড়িই ফরিদপুরের মধুখালী উপজেলার উজানদিয়া গ্রামে। তারা বাড়িতেও ফেরেননি।"
ওই রাতের বর্ণনায় তিনি বলেন, "১০ জন ৮ তলায় ঘুমাচ্ছিল। দুজন উপরে কাজ করছিল। আর আমরা চারজন ৮ তলা থেকে ৯ তলায় চা খেতে গিয়েছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গেল। আলো জ্বেলে আমরা সিড়ির কাছে এসে দেখি শুধু ধোঁয়া আর ধোঁয়া। এরপরই আমি অঞ্জান হয়ে পড়ে যাই।"
তিনি বলেন, "আমাদের যে ১০ জন ঘুমাচ্ছিল তাদের কাউকেই পাওয়া যায়নি।"
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা উদ্ধারকাজে পাওয়া লাশ চারটি তাদের আত্মীয়রা সনাক্ত করেছেন। এই চারজন হলেন, ফরিদপুরের মধুখালি উপজেলার উজানদিয়া গ্রামের রুহুল আমীন (৪৫), দোলোয়ার হোসেন (৪৫), জাহিদ মোল্লা (২৫) এবং গাইবন্ধার ফুলছড়ি উপজেলার পাতলামারি গ্রামের আমিনুল ইসলাম (২০)।
নিহত রুহল আমীনের ছেলে আলাউদ্দিন খানও বাবার লাশ উদ্ধারের আগে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের গ্রামের ১০ জন নিখোঁজ রয়েছেন।"
এদিকে র্যাংগস ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা শিল্ড সিউরিটিজের শহীদুল ইসলাম নামে একজন কর্মী নিখোঁজ রয়েছেন তার চাচাতো ভাই সারোয়ার হোসেন জনিয়েছেন। আব্দুল মুতালেব নামে ভবনের একজন নিরাপত্তাকর্মীও জানান, দুর্ঘটনার রাত থেকে শহীদুলকে পাওয়া যাচ্ছে না।
এদিকে উদ্ধার কাজ স্থগিত করার পর রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর সন্ধ্যায় র্যাঙ্গস ভবনের সামনে দাঁড়িয়ে বিডিনিউউ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ধ্বংসস্তুপের মধ্যে যে লাশগুলো ছিল, তা উদ্ধার করা হয়ে গেছে। আমার ধারণা আর কোনও লাশ এখানে নেই।"
তিনি বলেন, "লাশ যদি থাকেই, আমরা বের করলে আপনারা তো দেখতেই পারবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/এমএইচবি/২৩৫৩ ঘ.
bdnews24