২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবিলার জন্য জাতীয় পরিকল্পনা চাই: ড. কামাল হোসেন

জলবায়ু পরিবর্তনের ফলে ঘুর্ণিঝড়, বন্যাসহ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য একটি সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহনের আহ্বান জানিয়েছেন গণফোরাম নেতা ড. কামাল হোসেন। একইসঙ্গে তিনি একে অপরকে দোষারোপ করে 'অযথা সময় নষ্ট না করে' বিবেকবান নেতার সমন্বয়ে একটি কার্যকর জাতীয় সংসদ গঠনের জন্য সব রাজনৈতিক দলকে তাগিদ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জলবায়ু পরিবর্তনের ফলে ঘুর্ণিঝড়, বন্যাসহ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য একটি সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহনের আহ্বান জানিয়েছেন গণফোরাম নেতা ড. কামাল হোসেন। একইসঙ্গে তিনি একে অপরকে দোষারোপ করে 'অযথা সময় নষ্ট না করে' বিবেকবান নেতার সমন্বয়ে একটি কার্যকর জাতীয় সংসদ গঠনের জন্য সব রাজনৈতিক দলকে তাগিদ দিয়েছেন। বৃহষ্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ''জলবায়ু পরিবর্তন বিষয়ক বালি সম্মেলন ও বাংলাদেশ''-শীর্ষক এক জাতীয় সংলাপে রাজনীতিক ও আইনজ্ঞ ড. কামাল এ আহ্বান জানান। বেসরকারি সংস্থা পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট (পিইটি) এ সংলাপের আয়োজন করে। কামাল হোসেন বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে বড় ধরনের হুমকির মধ্যে রয়েছে বাংলাদেশ। বন্যা, ঘুর্ণিঝড়ের মতো আরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশংকা করা হচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এখনই একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিকল্পনা গ্রহন করতে হবে।" আমাদের বিশেষজ্ঞের অভাব নেই -এ মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, তাদের মতামত নিয়েই এ পরিকল্পনা গ্রহন করা যেতে পারে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিকল্পনা যাতে 'ভেস্তে না যায়' সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার তাগিদ দেন তিনি। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতাও প্রয়োজন বলে মন্তব্য করেন গণফোরাম প্রধান। কামাল হোসেন বলেন, "১৯৯৫ সালে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি কমিটির রিপোর্টে উপকূলীয় অঞ্চলে পর্যাপ্তসংখ্যক আশ্রয় কেন্দ্র নির্মাণের সুপারিশ করা হয়েছিল। কিন্তু গত ১২ বছরে দেশে একটি আশ্রয় কেন্দ্রও নির্মাণ করা হয়নি।" তিনি বলেন, স্বাধীনতার স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে বৈষম্য আরও বেড়েছে। ''জাতীয় সমন্বয় খুবই দরকার"এ মন্তব্য করে ড. কামাল বলেন, একে অপরকে অযথা দোষারোপ না করে, দেশকে বিভাজনের দিকে ঠেলে না দিয়ে দেশের সব রাজনৈতিক দলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জাতীয় সংসদকে কার্যকর করার আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, সংসদ ঠিকমতো চললে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর এ জন্য প্রয়োজন বিবেকবান সাংসদ। এ বিষয়টি বিবেচনায় রেখেই সবার আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি। সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুস শহীদ, কর্র্নেল ফারুক খান, বিএনপি নেতা লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান, শহীদুজ্জামান, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, পিইটি'র নির্বাহী পরিচালক শিশির শীল প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৫৯ঘ.